সারেগামাপা’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

এখনও শুরু হতে পারেনি জি বাংলা সারেগামাপা লেজেন্ডস। তার আগেই জড়াল বড় বিতর্কে। এক তরুণের অভিযোগ, ৫ এপিসোডের জন্য ২ লাখ চাওয়া হয়েছে তাঁর কাছে। 

আজ রবিবার শেষ হতে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি। আর তারপরই শুরু হবে সারেগামাপা লেজেন্ডস। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অডিশন। কলকাতা থেকে শিলিগুড়ি, সংগীতের গুণীরা ইতিমধ্যেই এই মিউজিক রিয়েলিটি শো-তে যোগ দিতে সামিল হয়েছেন।

তবে এবার সিজন শুরু হওয়ার আগে থেকেই বিতর্ক। কয়েকদিন আগেই এক প্রতিযোগী অভিযোগ আনেন সারেগামাপা-র গায়ক বর্তমান বিচারক গৌরব সরকারের বিরুদ্ধে। তার দাবি ছিল, তিনি যখন গানের অডিশন দিচ্ছিলেন, তখন গৌরব তা না শুনে বসে বসে অন্য কারও সঙ্গে গল্প আর হাসাহাসি করছিল। এবার আরেক ব্যক্তি দাবি করে বসলেন, তার কাছে চাওয়া হয়েছে টাকা।

ফেসবুকে সেই ব্যক্তির নাম সুপ্রিয়। তিনি লেখেন, ‘সারেগামাপা-র ৫টি এপিসোডের জন্য আমার কাছে ২ লাখ টাকা দাবি করা হয়’। কৃষ্ণনগরের ছেলে সুপ্রিয়। সেখানে শক্তিনগর হাই স্কুলে লেখাপড়া। তারপর দ্বিজেন্দ্রলাল কলেজ। মিউজিশিয়ান হওয়ার স্বপ্ন যে দেখেন, তা বলছে সোশ্যাল মিডিয়া। সেখানে গান গাওয়ার একাধিক ভিডিও দিয়েছেন তিনি।

সুপ্রিয় সারেগামাপা-র নামে মারাত্মক অভিযোগ তুলে লিখলেন, ‘আমি কিছু বলতে চাই সবাইকে, সারেগামাপা- এই টিভি শোটা নিয়ে অনেকের অনেক রকম ভরসা-আশা থাকে। অনেকেই অনেক দূর থেকে এই শোতে অডিশন দিতে আসে মনে একটা আশা নিয়ে। কিন্তু তারা এটা জানে না এই ঝাঁ চকচকে পর্দার পেছনের জঘন্য সত্যটা। হ্যাঁ ঠিকই দেখছো তোমরা, দ্বিতীয় রাউন্ড -এর অডিশন দেওয়ার পর আজ সন্ধায় আমার ফোনে ফোন আসে এবং আমার কাছ থেকে ২ লাখ টাকার ডিমান্ড করা হয়, সারেগামাপা-র পরবর্তী ৫টা এপিসোড এর বিনিময়ে।’

‘আমি অবাক হয়েছিলাম, খারাপ ও লেগেছিলো, কারণ এতদিন ধরে যেটা চোখের সামনে টিভি তে দেখে এসেছি , তা সবটাই সাজানো আর টাকার বিনিময়। আমি তাদেরকে না করে দেই। কারণ এই পরিমাণ টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এরকম অভিজ্ঞতা আমার জীবনে প্রথম , বিশ্বাস উঠে গেলো এইসব জিনিসের ওপর থেকে।’, আরও লেখেন সুপ্রিয়।

পোস্টটি ভাইরাল হয়। দেখা যায়, নেটিজেনদের বড় একটা অংশ সুপ্রিয়র পক্ষ নিয়েছেন। তাদের দাবি, সারেগামাপা লেজেন্ডকে বয়কট করা উচিত। যেভাবে সেখানে দুর্নীতির অভিযোগ উঠছে, ঘুষ চাওয়ার অভিযোগ উঠছে, এমন অবস্থায় এই শো আগে থেকেই ফিক্সড, সেই ব্যাপারে তারা নিশ্চিত! তবে আরেকাংশ আবার মনে করেন, শুধু একটু জনপ্রিয়তা পেতে এমন দাবি করেছেন সুপ্রিয় নামে প্রোফাইল করা সেই ব্যক্তি। এত জনপ্রিয় একটা রিয়েলিটি শো-এর নাম নিয়ে নিজেকে জনপ্রিয় করার পরিকল্পনা। অনেকেই প্রমাণও চেয়েছেন সুপ্রিয়র কাছে।

এরপর অবশ্য কটাক্ষ বাড়তে একটি লাইভ করেন সুপ্রিয়। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি এপ্রিলের ২০ তারিখ বহরমপুরে অডিশন দেই। সিলেক্ট হই। ২৫ তারিখ আমাকে সেকেন্ড রাউন্ডের জন্য ডাকেন ডিডিআর স্টুডিয়োতে। বিচারকরা আমার গান পছন্দ করেন। প্রশংসা করেন। শোনেনও তারা আমার গান ধৈর্য নিয়ে। অনেকে দাবি করেছিলেন, অবহেলা করা হচ্ছে। গান শোনা হচ্ছে। আমার ক্ষেত্রে তা হয়নি। আমি একটা পজিটিভ পোস্টও করি। সেই পোস্টের ২-৩দিনের মাথায় আমার কাছে অচেনা নম্বর থেকে ফোন আসে। বলে সারেগামাপা থেকে বলছি। একটু কায়দা করে এরা টাকা চায়। বলে, আপনি পরবর্তী পর্যায়ের জন্য সিলেক্ট হয়েছেন। তবে ৫টি এপিসোডের জন্য ২ লাখ টাকা দিতে হবে। কারণ হিসেবে বলে, স্পনসররা আমাকে প্রোমোট করবে। আর এই প্রোমোট করার জন্যই টাকাটা লাগবে। আমি রেকর্ড করতে গিয়েছিলাম। কিন্তু রেকর্ডিং অন করার অ্যালার্ট আসার সঙ্গে সঙ্গে ওরা ফোনটা কেটে দেয়।’

‘এরপর আমি আমার একটা বন্ধুকে ফোন করি। সে বলে, ২০১৮ সালে ওর কাছে আড়াই হাজার টাকা চাওয়া হয়েছিল। ওর কাছে সোজাসুজি ফোন আসেনি। একজনের মাধ্যমে চাওয়া হয়েছিল।’, আরও বলেন সুপ্রিয় নামের ওই ব্যক্তি।

তবে ফেক কল হওয়ার সম্ভাবনাও এড়িয়ে যাচ্ছেন না সুপ্রিয়। কিন্তু তিনি জানান, অনেকেই তার এই পোস্টের পর কমেন্ট বক্সে এসে, ইনবক্সে জানিয়েছেন, তাদের সঙ্গে ঘটেছে একই ঘটনা। সুপ্রিয়র আরও দাবি, কিছু মানুষ হুমকিও দিয়েছেন তাকে। যাদের মধ্যে নাকি রয়েছে জি বাংলার তারকারাও। তাই এই তরুণ মনে করেন, জি বাংলার উচিত তার তোলা অভিযোগের জবাব দেওয়া। যদি তিনি মিথ্যেই হন, তাহলে এত লোক কীভাবে সহমত হচ্ছেন তার সঙ্গে।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা