বিয়ের গুঞ্জনে লাজুক হাসি মিমির

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পিএম

দুর্গাপূজার আনন্দ, নতুন সিনেমা আর বিয়ের গুঞ্জন—সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। আসন্ন পূজায় মুক্তি পেতে যাচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। সিনেমাটির প্রচারের ফাঁকে পূজার পরিকল্পনা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। খবর আনন্দবাজার ডটকমের। 

জলপাইগুড়িতে বেড়ে ওঠা মিমি কাজের সূত্রে কলকাতায় আসার পর থেকে সেখানেই দুর্গাপূজা উদ্‌যাপন করেন। এবারও শহর ছাড়ছেন না তিনি। মিমির ভাষায়, কলকাতার মতো পূজার আড়ম্বর অন্য কোথাও নেই। পাড়ায় পাড়ায় পুরোনো দিনের গান, আলোকসজ্জা আর মানুষের উৎসবমুখর পরিবেশ তাঁকে মুগ্ধ করে।

পূজার দিনগুলোতে নিজের আবাসনের পূজায় অঞ্জলি দেওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা, খাওয়াদাওয়া ও ধুনুচি নাচে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। শাড়ি ও পুরোনো দিনের গয়নায় সাজতেও ভালোবাসেন এই অভিনেত্রী।

এবারের পূজায় মিমিকে দেখা যাবে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায়। এতে আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় থাকলেও এবারই প্রথম তাঁর পরিচালনায় কাজ করলেন মিমি।

অভিনেত্রী জানান, সুমিত্রা চরিত্রটি তৈরিতে সৃজিত তাঁর জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’র পুপে চরিত্রের আদল অনুসরণ করেছেন। পিরিয়ড সিনেমায় অভিনয়ের জন্য বাড়তি প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে। চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে শুটিং সেটেও বেশ সচেতন ছিলেন তিনি।

এদিকে মিমির বিয়ে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে লাজুক হেসে অভিনেত্রী বলেন, “আমিও শুনছি আমার বিয়ে।”

জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, সে প্রশ্নে মিমি জানান, তাঁর পছন্দ এমন একজন মানুষ, যিনি ভালো বন্ধু হবেন, হাসিখুশি স্বভাবের হবেন, ভ্রমণ ভালোবাসবেন এবং তাঁর সন্তানদেরও ভালোবাসবেন।

তবে বিয়ের তারিখ নিয়ে কোনো ইঙ্গিত দেননি অভিনেত্রী। হেসে তিনি বলেন, “যখন বিয়ে হবে, তখন বিয়ে নিয়ে ভাবব।”

সর্বশেষ সর্বাধিক পঠিত