কাজটি শেষ করার পরেও অনেকদিন ট্রমার মধ্যে ছিলাম : তানভীর

টেলিভিশন নাটক, ওটিটি কিংবা সিনেমা—তিন মাধ্যমেই সমানতালে অভিনয় করে যাচ্ছেন আবু হুরায়রা তানভীর। প্রতিনিয়তই নিজেকে ভাঙছেন এবং ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকদের কাজ উপহার দিয়ে যাচ্ছেন। সেই তুলনায় সাধুবাদও পাচ্ছেন বেশ। সম্প্রতি মুক্তি পেয়েছে তার সিনেমা ‘ওমর’ এবং নাটক ‘তিলোত্তমা’। সিনেমাটিতে বিশেষ চরিত্রে হাজির হয়ে প্রশংসা কুড়ালেও নাটকটি থেকে অনবদ্য সাড়া পাচ্ছেন বলে জানালেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা।

শুরুটাই করলেন এভাবে, ‘কিছু কিছু কাজ রয়েছে যেগুলো করে অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায়। মানসিক শান্তি পাওয়া যায়। ‘তিলোত্তমা’ ঠিক এরকমই একটা প্রজেক্ট আমার জন্য, যেই কাজটা করে মানসিকভাবে যেমন ট্রমার মধ্যে ছিলাম তেমনি তৃপ্তির ঢেঁকুরও পেয়েছিলাম।’

বললেন, ‘গল্প শোনার পর থেকেই মনে হচ্ছিল যে, কখন কাজটি করব! এরপর যখন স্ক্রিপ্ট পেলাম সেটা মনযোগ দিয়ে পড়লাম এরপর থেকেই ঠিক চরিত্রটির মতো করে প্রস্তুতি নিতে শুরু করলাম। নিজের শতভাগ দিয়ে চেষ্টা করেছি গল্পের আলিফ হয়ে উঠতে। এখানে আলিফের চরিত্রে দুইটা লেয়ার ছিল, দুইটা একদমই দুইরকম। প্রথম ভাগে যে আলিফকে দেখা গেছে একদমই সহজ সরল টাইপের যার পৃথিবী শুধু তার বাবা-মা, জয়ী আর যার সে বিশাল বড় ভক্ত সাকিব আল হাসানকে ঘিরে। আরেকটা দিক হলো শেষাংশেরটা যেখানে আলিফ মানসিকভাবে বিকারগ্রস্ত। সে সময়টাতে তার মাথায় শুধু একটাই নাম, জয়ী। খুব একটা সহজ ছিল না এই চরিত্রটা প্লে করা। আমরা যখন শুট করি, তখনও প্রচণ্ড গরম ছিল। গরমের জন্য না যতটা কষ্ট করতে হয়েছে তার চেয়েও বেশি হয়েছে চরিত্রটি ঠিকঠাকভাবে পোর্টে করতে। চরিত্রটি করতে গিয়ে অনেকটা ট্রমার মধ্যে ছিলাম, এমনকি শুটিং শেষ করে আসার পরেও বেশ অনেকদিন পর্যন্ত এটার রেশ ছিল। মনে হচ্ছিল আমি এখনও সেই আলিফের মধ্যেই আছি, সেই ঘোরটা থেকে বের হতে পারছিলাম না!’

tilottoma natok-Tanvir

কাজটা রিলিজ হওয়ার পর দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি সেটা দেখে আমি অভিভূত, বললেন আবু হুরায়রা তানভীর। উচ্ছ্বসিত এই অভিনেতা বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে এই কাজের মতো এত সাড়া কখনোই পাইনি। বিভিন্ন প্রান্ত থেকে অনেক অনেক দর্শকের মতামত, পোস্ট এবং ইতিবাচক প্রশংসা পাচ্ছি। পুরো কাজটির প্রশংসা তো আছেই, আমার অভিনয় নিয়েও আলাদা করে তাদের মন্তব্য পেয়েছি যেগুলো সত্যি দারুণ। এর কৃতিত্ব অবশ্য পরিচালকের। এখানে যারাই অভিনয় করেছেন প্রত্যেকেই ভীষণ কষ্ট করেছেন এবং সে অনুযায়ী ইতিবাচক সাড়াও পাচ্ছেন।’

‘ওমর’ সিনেমা প্রসঙ্গে তানভীর বলেন, ‘সিনেমাটিতে আমার চরিত্রটির স্পেস একদমই অল্প, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। একটা সুন্দর গল্পের প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকতে পেরেছি, এটাই ভালো লাগা। আমাকে একদিন শহিদুজ্জামান সেলিম ভাই ফোন করে বললেন যে, আমি একটা ছবি করতে যাচ্ছি, আমি চাই তুই এই কাজটাতে থাক! তখন আমি আর কোনো কিছু শুনতে চাইনি, এমনকি আমার চরিত্র কিংবা গল্প—কোনোকিছুই না। শুধু বলেছিলাম, আপনি চেয়েছেন তাই আমি কাজটি করব। দ্যাটস ইট। কাজটি করলাম, যারা দেখেছেন ভালো বলেছেন।’

এদিকে আসছে ঈদে মুক্তি পাবে এই অভিনেতার নতুন ওয়েব ফিল্ম ‘পয়জন’। সঞ্জয় সমদ্দার পরিচালিত এই ফিল্মে তানভীরের বিপরীতে রয়েছেন তানজিন তিশা। এছাড়াও সামনে বেশ কিছু নাটক এবং ওয়েবে দেখা যাবে বলে জানান তিনি।