শনিবার ঘরের মাঠে কাদিজকে ৩-০ গোলে হারিয়ে এক পয়েন্টের অপেক্ষায় ছিল রিয়াল মাদ্রিদ। সেই অপেক্ষার পালা ফুরাতে বেশি সময় লাগল না তাদের। আড়াই ঘণ্টা পর দিনের পরের ম্যাচে জিরোনার কাছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার হারে (২-৪) লা লিগা শিরোপা পুনরুদ্ধার করে লস ব্লাঙ্কোসরা।
চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যায় রিয়ালের। ৩৬তম শিরোপা জিতে স্পেনের শীর্ষে লিগে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করল তারা। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার শিরোপা ২৭টি।
এবারের আগে রিয়াল সবশেষ লা লিগা জিতেছিল ২০২১-২২ মৌসুমে। এক মৌসুম পরই মুকুট পুনরুদ্ধার করল তারা। দুই মেয়াদে রিয়ালের কোচ হিসেবে আনচেলত্তি জিতলেন ১২টি ট্রফি দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি লা লিগা, দুটি কোপা দেল রে, দুটি উয়েফা সুপার কাপ, দুটি স্প্যানিশ সুপার কাপ।
রিয়ালের হয়ে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ডে কারিম বেনজেমা ও মার্সেলোর পাশে বসলেন নাচো ফার্নান্দেস ও লুকা মদ্রিচ; প্রত্যেকের ২৫টি করে। রিয়ালের লা লিগা জয়ে বড় অবদান রেখেছেন ইংলিশ ফরোয়ার্ড জুড বেলিংহ্যাম। মাদ্রিদে অভিষেক মৌসুমেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি। শনিবার কাদিসের বিপক্ষে বদলি নেমে করা গোল দিয়ে লিগে এখন পর্যন্ত ২৬ ম্যাচে তার গোল ১৮টি। দুই গোল বেশি করে তার ওপরে আছেন কেবল জিরোনার আর্তেম দোভিক।
চলতি মৌসুমে রিয়ালের ট্রফি হলো দুটি। গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে মৌসুমে প্রথম ট্রফির স্বাদ পায় তারা। এবার কোপা দেল রেতেই শুধু ভালো করতে পারেনি আনচেলত্তির দল, শেষ ষোলোয় নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে যায় তারা।
মৌসুমে আরও একটি শিরোপার হাতছানি রিয়ালের সামনে, তা হলো চ্যাম্পিয়নস লিগ। সেই লক্ষ্যে সেমিফাইনালের ফিরতি লেগে বুধবার নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা। প্রথম লেগে বায়ার্নের মাঠে ২-২ ড্র হয়েছিল। দ্বিতীয় লেগের আগে লা লিগা জয় নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস আরও বাড়াবে রিয়াল মাদ্রিদের। বার্সেলোনাকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত করেছে জিরোনা।