মৌসুম জুড়ে দারুণ ছন্দে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো জ্বলে উঠলেন আবারও। আল নাসরের হয়ে সাত ম্যাচে এটি তার তৃতীয় হ্যাটট্রিক। তার এই কীর্তিতে সৌদি প্রো লিগে শনিবার ঘরের মাঠে আল নাসর ৬-০ গোলে হারিয়েছে আল ওয়েহদাকে।
ম্যাচের পঞ্চম মিনিটেই দলকে এগিয়ে নেন রোনালদো। প্রতিপক্ষ গোলকিপার বল ক্লিয়ার করার চেষ্টায় বক্সের বাইরে রোনালদো বরাবর শট নেন। পা দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোল করেন। ১২ মিনিটে সতীর্থের ক্রসে লাফিয়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন সিআরসেভেন। ১৮ মিনিটে ওতাভিও ও ৪৫ মিনিটে সাদিও মানের গোলে প্রথমার্ধেই ৪-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫২ মিনিটে বাঁ পায়ের শটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। ৮৮ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন মোহাম্মদ আল-ফাতিল।
লিগে গত মার্চ-এপ্রিল মিলিয়ে টানা দুই ম্যাচে রোনালদো হ্যাটট্রিক করেছিলেন। আল নাসরের হয়ে সব মিলিয়ে তার হ্যাটট্রিক হলো ৬টি। ক্যারিয়ারে ৬৬টি। এর মধ্যে ৩০টি করেছিলেন তিনি বয়স ৩০ হওয়ার আগে। আর ত্রিশের পর করলেন ৩৬টি। এই মৌসুমে সৌদি প্রো লিগে ২৭ ম্যাচে ৩২ গোল নিয়ে সর্বোচ্চ স্কোরার ৩৯ বছর বয়সী রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তার গোল হলো ৪০ ম্যাচে ৪১টি। আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মৌসুমে ৫২ ম্যাচে গোল করলেন তিনি ৫২টি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উদযাপনের একাধিক ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘দারুণ অনুভূতি। দল এবং সমর্থকদের ধন্যবাদ।’
সৌদি প্রো লিগে ৩০ ম্যাচে ২৪ জয় ও ২ ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নাসর। ২৯ ম্যাচে ৮৩ পয়েন্টে শীর্ষে আল হিলাল।