ইসরায়েলে একটি গোলাবারুদ চালান আটকে দিয়েছে বাইডেন প্রশাসন

যুক্তরাষ্ট্রের তৈরি গোলাবারুদের একটি চালান ইসরায়েলে সরবরাহ আটকে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে অবগত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম সিএনএনকে।

তবে বাইডেন প্রশাসন কেন এমন সিদ্ধান্ত নিল, তা প্রকাশ করেনি সূত্রটি।

এছাড়া এই চালানটি আটকে দেওয়ার সিদ্ধান্তের সাথে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে সম্ভাব্য ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে যোগসূত্র নেই। এই সিদ্ধান্ত ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অন্যান্য চালান পাঠানোর বিষয়টিকে প্রভাবিত করবে না বলেও জানিয়েছে সূত্রটি।

তবে চালানটির বিষয়ে জানতে চাইলে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেওয়া চলমান নিরাপত্তা সহায়তার কথা উল্লেখ করেন।

ওই মুখপাত্র বলেন, ‘৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের নিরাপত্তা সহায়তার জন্য বিলিয়ন ডলার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে জরুরি সহায়তার জন্য যুক্তরাষ্ট্র সর্ববৃহৎ সম্পূরক বরাদ্দ পাস করেছে। ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র একটি অভূতপূর্ব জোটের নেতৃত্ব দিয়েছে। ইসরায়েল যেসব হুমকির মুখোমুখি হচ্ছে, তা থেকে তারা যাতে নিজেদের রক্ষা করতে পারে, সেটি নিশ্চিতের জন্য যা যা করা দরকার, তা করতে থাকবে যুক্তরাষ্ট্র।

খবরটি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করছেন, ইসরায়েলের প্রতি মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

গত মাসে একটি বৈদেশিক সহায়তা বিলে সই করেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এতে ইসরায়েল-হামাস সংঘাতকে কেন্দ্র করে বরাদ্দ রাখা হয়েছে ২৬ বিলিয়ন ডলার। এর মধ্যে ১৫ বিলিয়ন ডলার ইসরায়েলের জন্য সামরিক সহায়তা। ৯ বিলিয়ন ডলার গাজার জন্য মানবিক সহায়তা। আর ২ দশমিক ৪ বিলিয়ন ডলার অঞ্চলটিতে মার্কিন সামরিক কার্যক্রমের জন্য রাখা হয়েছে।