রোববার ইসরায়েলের সেনাঘাটিতে হামাসের রকেট হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফাহতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একই পরিবারের চার শিশুসহ কিশতা পরিবারের আট সদস্য নিহত হয়েছে।
নিহতদের মধ্যে যুদ্ধ শুরুর পর জন্ম নেওয়া একটি ছেলে শিশুও ছিল। সাত মাস বয়সী ওই শিশুর নাম দেওয়া হয়েছিল হানি মাহমুদ।
যুদ্ধের প্রথম দিকে অক্টোবরে হানির বাবা-মা উভয়েই এক ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়। ওই হামলার সময় আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন হানির মা। যুদ্ধের শুরুতে এতিম অবস্থাতেই জন্ম হয় হানির।
সাত মাস বয়সী হানি মাহমুদের এক আত্মীয় রাশা কিশতা কথা বলেছেন আল জাজিরার সাথে। তিনি জানান, গেলো বছরের অক্টোবরে ইসরায়েলি হামলায় ঘটনাস্থলেই নিহত হন হানির বাবা এবং তার খালা ও খালার তিন সন্তান।
ইসরায়েলি ওই হামলায় গুরুত্বর আহত হয়েছিলেন হানির মা, তখন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সিজারের মাধ্যমে তার সন্তানের (হানির) জন্ম দিতে পেরেছিলেন।
রাশা কিশতা আরও জানান, "কিন্তু দুই ঘন্টা পরে সে মারা যায়। শিশুটি তার আহত দুই বোনের সাথে বেঁচে গিয়েছিল।”
রাশা বলেন, "হানি এই যুদ্ধে জন্মগ্রহণ করেছিল এবং একই যুদ্ধে নিহত হল।"
এদিকে রাফাহতে ইসরায়েলের সর্বশেষ ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। নিহতদের মধ্যে আটজন শিশুও রয়েছে।
