প্রাক-স্বাধীনতা পর্বের লাহোরের প্রেক্ষাপটে সঞ্জয় লীলা বানসালি নির্মাণ করেছেন ওয়েব সিরিজ় ‘হীরামান্ডি’। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মণীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি।
গত ১ মে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিরিজটি। এই সিরিজের জন্য প্রায় ৭ বছর ধরে গবেষণা করেছেন পরিচালক! এমনিতেই সকলেই জানেন যে, বানসালি তার ছবি নিয়ে যতটা না খুঁতখুঁতে, তার চেয়ে অনেক বেশি সচেতন তার নায়িকাদের নিয়ে। কোনও ধরনের কমতি কিংবা গাফিলতি মোটেও পছন্দ নয় পরিচালকের। এবার ‘হীরামান্ডি’র শুটিং চলাকালীন অদিতিকে প্রায় উপোস করিয়ে রাখেন তিনি।
এক সাক্ষাৎকারে অদিতি বলেন, এক দৃশ্যের শুটিংয়ের ব্যাপারে পরিচালকের কড়া নির্দেশ ছিল— “আজকে তুমি কিচ্ছু খাবে না।” রীতিমতো না খেয়ে থাকার নির্দেশ দেন বানসালি। তার মনে হয়েছিল, ক্ষুধার্ত থাকলেই শুটিংয়ের সময়ে চোখেমুখে তার ছাপ থাকবে। ওই নির্দিষ্ট দৃশ্যে কাঙ্ক্ষিত নাটকীয়তা ফুটিয়ে তুলতে তার প্রয়োজন ছিল।
যদিও সেই সময় অদিতি সদ্য করোনা থেকে সুস্থ হয়ে সেটে ফিরেছেন। তার পরও পরিচালকের কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন তিনি। অবশ্য অভিনেত্রী স্বীকার করেছেন, পরিচালকের কথা মানতেই দৃশ্যে সেই ম্যাজিকটা আনতে পেরেছেন তিনি।