গত ২৭ এপ্রিল মেক্সিকোর উত্তরাঞ্চল থেকে নিখোঁজ হয়েছিলেন এক মার্কিন ও দুজন অস্ট্রেলীয় পর্যটক। গতকাল রোববার তাদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করার তথ্য জানিয়েছে মেক্সিকোর সরকারি কর্তৃপক্ষ।
শুক্রবার সান্টো থমাস শহরে হামলার স্থান থেকে প্রায় ৬ কিলোমিটার (৪ মাইল) দূরে বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যে একটি ৪ মিটার (১৫ ফুট) গভীর কূপে তাদের মৃতদেহ পাওয়া গেছে।
ওই তিন পর্যটকের গুলিবিদ্ধ মরদেহ শনাক্ত করেছেন তাদের আত্মীয়-স্বজন। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ওই তিন পর্যটকের মাথায় গুলি করা হয়েছিল এবং তাদের মৃতদেহ একটি কূপে ফেলে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিহত তিনজন হলেন অস্ট্রেলিয়ার দুই ভাই ক্যালাম রবিনসন (৩৩), জ্যাক রবিনসন (৩০) এবং যুক্তরাষ্ট্রের কার্টার রোড (৩০)।
কর্মকর্তাদের ধারণা, তাদের বহনকারী পিকআপ গাড়িটি চুরি করার জন্যই তাদের উপর হামলা এবং হত্যা করা হয়েছিল।
বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যের প্রসিকিউটর মারিয়া অ্যান্ড্রেড জানিয়েছে, আক্রমণকারীরা পর্যটকদের কাছে গাড়িটি চেয়েছিল এবং তারা প্রতিরোধ করলে তাদের ওপর গুলি চালায়।
হামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সন্দেহে দুইজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে ‘গুম’ করার অভিযোগ আনা হয়েছে।
মেক্সিকোর সবচেয়ে অপরাধপ্রবণ রাজ্যগুলোর একটি বাজা ক্যালিফোর্নিয়া। অপরাধপ্রবণতা ও কিডন্যাপের ঘটনার কারণে নিজেদের নাগরিকদের মেক্সিকোর এ অঞ্চলে ভ্রমণপরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।