মেক্সিকোর 'কুখ্যাত মাদকসম্রাট' ফাউস্তো ইসিদ্রো ‘চাপো ইসিদ্রো’ মেসা ফ্লোরেসকে গ্রেপ্তার করেছে দেশটির বিশেষ বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের (এফবিআই) ১০ শীর্ষ মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় ছিলেন তিনি। খবর বিবিসি।
শুক্রবার মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের গুয়াসাভে শহরে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের মধ্য দিয়ে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে সন্দেহভাজন সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তা জোরদার করতে গুয়াসাভে যাওয়ার পথে মেক্সিকান সেনাবাহিনীর চার সদস্যও নিহত হন।
অভিযানে মেসা ফ্লোরেসসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তার সংগঠনের দ্বিতীয় শীর্ষ নেতা ও চাচাতো ভাই এবং ভগ্নিপতি রয়েছেন। ভগ্নিপতি সংগঠনটির আর্থিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
মেসা ফ্লোরেস মেক্সিকোর মাদক চোরাচালান জগতের পরিচিত নাম। তিনি মেসা ফ্লোরেস অর্গানাইজেশন নামে পরিচিত গুয়াসাভে কার্টেলের প্রধান। ধারণা করা হয়, ১৯৯০-এর দশক থেকে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে দীর্ঘদিন আড়ালে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলতে সক্ষম হন।
মেক্সিকোয় সংঘবদ্ধ অপরাধের অভিযোগে তাঁকে খুঁজছিল দেশটির কর্তৃপক্ষ। অন্যদিকে, এফবিআইয়ের অভিযোগ, মেসা ফ্লোরেস যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ ফেন্টানিল, কোকেন, হেরোইনসহ বিভিন্ন প্রাণঘাতী মাদক সরবরাহ করেছেন। এ কারণে তাকে গ্রেপ্তারে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছিল সংস্থাটি। যুক্তরাষ্ট্র এখন তাকে নিজেদের কাছে প্রত্যর্পণের চেষ্টা করছে।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেসা ফ্লোরেসের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বিশেষ বাহিনী আকস্মিকভাবে অভিযান চালায়। তার পালিয়ে যাওয়া এবং বাইরে থেকে সহযোগী বাহিনীর আসা ঠেকাতে পুরো এলাকা ঘিরে ফেলা হয়।
তবে বাড়িতে প্রবেশের আগেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক হামলা চালানো হয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে মেসা ফ্লোরেসসহ আটজনকে আটক করতে সক্ষম হয় বিশেষ বাহিনী।
অভিযানের সময় গুয়াসাভে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শহরের ওপর হেলিকপ্টার থেকে গুলি ছুড়তে দেখা গেছে। অন্য একটি ভিডিওতে গুলির শব্দ শুনে একটি বেসবল স্টেডিয়াম থেকে দর্শকদের দৌড়ে পালাতে দেখা যায়। মেক্সিকোর এক সাংবাদিককেও সরাসরি সংবাদ পরিবেশনের সময় গুলির শব্দে নিরাপদ আশ্রয় নিতে দেখা গেছে।
মেসা ফ্লোরেস, তার চাচাতো ভাই ও ভগ্নিপতিকে বিচারের মুখোমুখি করতে উড়োজাহাজে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে সিনালোয়া অঙ্গরাজ্যেই রাখা হয়েছে। অভিযানে গ্রেনেড লঞ্চারসহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর মাদক চোরাচালান বন্ধে মেক্সিকোর ওপর চাপ বাড়িয়েছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ফেন্টানিলসহ প্রাণঘাতী মাদকের প্রবেশ ঠেকাতে মেক্সিকোকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে ওয়াশিংটন। এর পরিপ্রেক্ষিতে মেক্সিকো সরকারও মাদক কারবারি ও অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।