পাপন বললেন সাকিব 'দুষ্টুমি' করেছে

কদিন আগে একটি অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেছিলেন, ‘(ডিপিএলের) সুপার লিগটা টি-টোয়েন্টি সংস্করণে হলে ভালো হতো, ক্রিকেটারদের জন্যও সুবিধা হতো। ক্রিকেটারদের কথা কারও ভাবা উচিত ছিল। এ রকম পরিস্থিতিতে সারা দিন রোদের মধ্যে খেলানো ক্রিকেটারদের জন্য খুবই অমানবিক।’

সাকিবের এমন মন্তব্য নিয়ে বিসিবি সভাপতি ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন আজ মুখ খুললেন গণমাধ্যমে।

মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের পুরস্কার বিতরণীর পর সাংবাদিকদের বলছিলেন 'এবারেরটায় সম্ভব ছিল বলে আমার জানা নেই। কারণ এটা লিস্ট ‘এ’ টুর্নামেন্ট। লিস্ট ‘এ’ টুর্নামেন্ট তো আমি ৫০ ওভার ছাড়া করতে পারব না। যেটা করা যেত- লিস্ট ‘এ’ টুর্নামেন্টই এবার বাদ দিয়ে দিতে পারতাম। এটা একটা অপশন ছিল। কিন্তু এরকম কখনও মাথায়ও আসেনি।'

ক্রীড়ামন্ত্রী আরো বলেন, 'জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজ খেলছি এটাও তো টি-টোয়েন্টি। তার আগে আমরা বিপিএল খেলেছি, জমজমাট বিপিএল, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে পুরো সিরিজ খেললাম। তারপরও প্রস্তুতি লাগবে? এমনি বলেছে বলে আমার ধারণা।'

ডিপিএল চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দিচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: দেশ রূপান্তর

জিম্বাবুয়ে সিরিজে প্রথম তিন টি-টোয়েন্টি রেখে ডিপিএল খেলেছেন সাকিব। তাই হয়তো দুষ্টুমি করে সাকিব এ কথা বলেছেন বলেন মন্তব্য করেন পাপন, 'যদি তা-ই হত... ও তো টি-টোয়েন্টিও খেলতে পারে (জাতীয় দলের হয়ে) ওয়ানডেও খেলতে পারে (ডিপিএল), ও তো ওয়ানডেকেই বেছে নিয়েছে বিশ্বকাপের আগে। আমার মনে হয় দুষ্টামি করেছে আপনাদের সাথে।'

বিসিবি সভাপতি যোগ করেন, 'আমি কি হঠাৎ করে সুপার লিগ টি-টোয়েন্টি ফরম্যাটে করতে পারি? এটা কি ইচ্ছামত করা যায়? এটার তো কোনো সুযোগই নেই। আর জিম্বাবুয়ে আসবে এটা তো এফটিপিই করা। আপনারা এখন এটা নিয়ে কথা বলছেন, প্রশ্ন করছেন, আমার মনে হয় এটার জন্যই ও বলে গেছে।'