নেত্রকোণায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোণার আটপাড়ায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দিলোয়ার মিয়া (৩৫) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকালে উপজেলার স্বরমুশিয়া হাওরে এই বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে। নিহত কৃষক দিলোয়ার উপজেলার স্বরমুশিয়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিলওয়ার তার নিজের ক্ষেতের ধান কাটতে যান সোমবার সকালে। সেদিন তিনি তার সাথে আরো কয়েকজন লোককে নিয়ে ধান কাটতে শুরু করেন। সকালে বৃষ্টি শুরু হলে বজ্রপাত ঘটে। তখন দিলওয়ার বজ্রপাতে আহত হন। তার সাথে থাকা লোকজন তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ওই কৃষক নিজের জমির ধান কাটতে গেলে আকস্মিক বজ্রপাতে মারা গেছেন।

আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান জানান, বজ্রপাতে দিলওয়ার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আমি নিহতের বাড়িতে যাচ্ছি। জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি। বরাদ্দ পেলেই নিহতের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। আর আটপাড়া পরিষদ থেকে নিহতের পরিবারকে আমরা আর্থিকভাবে সহায়তা করব।