কালিহাতীতে ট্রাক-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে মহাসড়কে কাভার্ড ভ্যান ও ট্রাকের মু‌খোমু‌খি সংঘর্ষে ট্রাক চালক নিহত হ‌য়ে‌ছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (৭ মে) ভোর ৫ টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরা‌তৈল টাওয়ার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘ‌টে। তাৎক্ষণিকভাবে হতাহ‌ত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। 

এদি‌কে দুর্ঘটনার কারণে যান চলাচল বন্ধ হ‌য়ে‌ যায়। এতে মহাসড়কের চার কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হয়। দুর্ঘটনার পর ক্ষ‌তিগ্রস্থ যানবাহন দুটি উদ্ধার করেছে পুলিশ। গাড়ি দুইটি সড়ক থেকে সরা‌নোর পর মহাসড়কে ফের যান চলাচল শুরু হয়। 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ‌প‌রিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ঢাকাগামী ট্রাকের সঙ্গে উত্তরবঙ্গগামী কাভার্ড ভ্যানের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক মারা গেছেন। এছাড়া কাভার্ড ভ্যানের চালকসহ আরেও দুইজন গুরুতর আহত হয়েছে। আহত‌দের দ্রুত উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। নিহত ট্রাক চাল‌কের প‌রিচয় পাওয়া যায়‌নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহত স্বজন‌দের কাছে হস্তান্তর করা হবে।