গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা যাত্রীবাহী বাসের ধাক্কায় জোহরা বেগম (৫৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত আইসি আব্দুস শুকুর মিয়া। গতকাল সোমবার রাত ১১টায় ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোহরা বেগমের বাড়ি পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জামালপুর গ্রামে। তিনি ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জোহরা বেগমের মেয়ে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেই মেয়েকে ঢাকার বাসে উঠিয়ে দিতে অটোভ্যান নিয়ে ধাপেরহাট বাসস্ট্যান্ডে আসেন। মেয়েকে বাসে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে অন্য একটি বাসের ধাক্কায় অটোভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান জোহরা বেগম। এ সময় অটোভ্যান চালক জোহরা বেগমের স্বামী সৈয়দ আলী (৬০) ও মানিক মিয়া (৭) আহত হন। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পুলিশ জানায়, বাবা-মা দুজনই তাদের মেয়েকে বাসে তুলে দিয়ে ভ্যান নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় দুর্ঘটনায় শিকার হন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বাসসহ চালক ও হেলপার পালিয়েছে।