ক্ষমতায় আর বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি: নানক

বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জিয়াউর রহমান ক্ষমতায় দখল করে স্বাধীনতা বিরোধী শক্তিকে পুনর্বাসন করেছিল। আজকের বাংলার মানুষ, নতুন প্রজন্মের সিদ্ধান্ত—ক্ষমতায় থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি আর বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি। কাজেই আপনাদেরকে বাংলার জনগণ যে রেড কার্ড দেখিয়েছে সেটা আপনাদের উপলব্দিতে আসতে হবে। আর যদি উপলব্দিতে না আসে তাহলে আপনাদের ইতিহাসেন আস্তাকুরে নিক্ষিপ্ত হতে বাধ্য।

মঙ্গলবার (৭ মে) গাজীপুর মহানগরের হায়দারাবাদে সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের ২০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বরণসভায় এ সব কথা বলেন নানক।

তিনি বলেন, ওরা (বিএনপি) আমাদের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। সেই ২১ হাজার নেতাকর্মীকে হত্যাকারীরা এখনো বলে গণতন্ত্রের কথা, মানবতার কথা।

শহীদ আহসান উল্যাহ মাস্টাররপুত্র সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির সভাপতিত্বে স্বরণসভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, গাজীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্যাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্যাহ মণ্ডল, জেলা যুব লীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ।
 
এদিকে শহীদ আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসুচি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে গাজীপুর মহানগরের পূবাইল হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, স্মরণসভা, কোরানখানি, মিলাদ-দোয়া ও ইফতার  মাহফিল এবং খাদ্য বিতরণের করা হয়।
 
২০০৪ সালের ৭ মে সন্ত্রাসীরা নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার আইনে এ হত্যা মামলার রায় হয়।