জামালপুর সদরের ১৬৯ কেন্দ্রের মধ্যে ১৫৪টিই ঝুঁকিপূর্ণ

জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের সরঞ্জাম বিতরণ করেছেন জেলা নির্বাচন অফিসার। মঙ্গলবার (৭ মে) দুপুর আড়াইটা থেকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের জিমনেসিয়াম থেকে ইভিএম মেশিন, অমোছনীয় কালিসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।

এবারে নির্বাচনে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৬৯টি ভোট কেন্দ্রে ১৪১০টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। সদর উপজেলায় ২ লাখ ৬৯ হাজার ৮৭০ জন পুরুষ ভোটার ও ২ লাখ ৮১ হাজার ৫৭৮ জন নারী ভোটার। এ নির্বাচনে প্রশাসন ১৬৯টি ভোট কেন্দ্রের মধ্যে ১৫৪টি ভোট কেন্দ্র ঝঁকিপূর্ণ ঘোষণা করেছেন।

আজ মঙ্গলবার ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসাররা এসব নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় বিভিন্ন ভোট কেন্দ্রে এসব সরঞ্জাম পাঠানো হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার লক্ষে পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এ নির্বাচনী মাঠে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১ হাজার ২২ জন পুলিশ, ৩ হাজার ৪০৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।