শাল্লায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

সুনামগঞ্জের শাল্লায় চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সামনে ঘোড়া ও আনারস দুই চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষের ঘটনায়  ১০ জন আহত হয়েছে।

বুধবার (৮ মে) সকালে শাল্লার উপজেলার ৪নং ইউনিয়নের চব্বিশা গ্রামের কেন্দ্রের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকাল ৮ টা থেকে শাল্লা উপজেলা পরিষদের নির্বাচন শুরু হওয়ার পর থেকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অবনী মোহন দাস ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সকাল থেকেই কেন্দ্রের সামনে অবস্থান নেয়। উভয় প্রার্থীর সমর্থকরা এ সময় নিজেদের প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে ভোট চায়। এক পর্যায়ে ভোট চাওয়াকে কেন্দ্র করে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সংঘর্ষের ঘটনার তথ্য নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। কেন্দ্রের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।