উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে প্রথম ৪ ঘণ্টায় ১৫ থেকে ২০শতাংশ ভোট পড়েছে। তবে এটি চূড়ান্ত হিসাব নয়। আজ বুধবার (৮ মে) বেলা ১টার দিকে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, সকাল ৮টা থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত একেক অঞ্চলে ভোট পড়ার হার একেক রকম। কত শতাংশ ভোট পড়েছে, তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে বলা যায়, দুপুর ১২টা পর্যন্ত গড়ে ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে। পরে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে।
মো. জাহাংগীর আলম আরও বলেন, কোথাও বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। যেখানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর ব্যবস্থা নিয়েছেন।
খাগড়াছড়িতে একটি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বগুড়ায় একটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে অনিয়মে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।