জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে জামিন দেননি হাইকোর্ট। তবে, তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন না দিয়ে রুলের এ আদেশ দেন।
আদালতে আসামি পক্ষের শুনানিতে ছিলেন আইনজীবী জগলুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। রাষ্ট্রপক্ষের আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, ‘এর আগে আসামি হাইকোর্টে ছয় মাসের জামিন পেলেও আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল নিস্পত্তি করে জামিনের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। হাইকোর্টে তিনি আবারও জামিন চেয়েছিলেন। আদালত তাকে জামিন না দিয়ে দুই সপ্তাহের রুল দিয়েছেন।’
এ মামলায় বাবুকে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পরে জামিনের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে ২০ সেপ্টেম্বর চেম্বার আদালদের আদেশে হাইকোর্টের আদেশের ওপর ২০ নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ আসে। জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল গত ২৪ জানুয়ারি নিস্পত্তি করে আপিল বিভাগ জামিনের ওপর স্থগিতাদেশ থাকবে বলে সিদ্ধান্ত দেন। এর ধারাবাহিকতায় জামিন পেতে আবারও হাইকোর্টে আবেদন করেন বাবু।
আলোচিত এ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু জেলার বকশীগঞ্জ উপজেলার চার নম্বর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (পরে বরখাস্ত) ছিলেন। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে ২০২৩ সালের ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজটুয়েন্টিফোর.ডটকমের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হত্যার এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম ১৭ জুন বকশীগঞ্জ থানায় ২২ জনকে আসামি করে মামলা করেন।