গজারিয়ায় নির্বাচন পরবর্তী হামলায় ৩ নারী আহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্বাচন পরবর্তী হামলায় তিন নারী আহতসহ ভাঙচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর নতুন চরচাষী গ্রামের ইউপি সদস্য মো. জমু মিয়ার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

তিনি উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এর সমর্থক ছিলেন। 

জানা যায়, গতকাল উপজেলা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণার পরপর জয়ী চেয়ারম্যান প্রার্থী মো. মুনসুর আহমেদ খাঁন জিন্নাহ সমর্থকরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে, তাদের হামলায় আহত হয় জমু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৪৮) ও দুই মেয়ে তানজিনা (২২), জুলি (২৭)।

এ বিষয়ে মো. জমু মিয়া বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই আমার বাড়িতে হামলা চালিয়ে বিল্ডিংয়ের থাই গ্লাস, কেচিগেট এবং ঘরের বিভিন্ন কাঠের এবং স্টিলের আসবাবপত্র ভাঙচুর করে নগদ ১১ লাখ টাকা, ২৬ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার, জমি জমার দলিল নিয়ে যায়, বাধা দিতে আসলে আমার স্ত্রী ও দুই মেয়েকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়িভাবে পিঠাইয়া স্ত্রীর ডান হাত ও মাথায় রক্তাক্ত জখম করে ও মেয়েরদের দুই পায়ের উরু, দুই হাতের বাহু, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। স্ত্রীর অবস্থা গুরতর হওয়ায় ঢাকা মেডিকেল ও মেয়েদের দাউদকান্দিস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছি।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খাঁন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।