মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নিজের ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের দায়ে এবাদত মীর (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তেহসিন ইফতেখার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং সেখানে বসবাস করতেন। এই সুযোগে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে নিজ বাড়িতে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করতেন তার বাবা।
একপর্যায়ে ২০১৫ সালের ১৯ জানুয়ারি নিজ বাড়িতে মেয়েকে ধর্ষণের সময় এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। ওই দিনই প্রতিবেশী ইউনুস ফরাজী লৌহজং থানায় মামলা করেন।
মামলায় আসামির বক্তব্য ও সাতজন সাক্ষীর জবানবন্দি পর্যালোচনা করে আদালত এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর আলম।