রাজধানীর মিরপুর কালশীতে একটি প্রিন্টিং কারখানায় লাগা আগুন নেভাতে গিয়ে ধোয়ায় অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৭ জন কর্মচারী। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৪টার দিকে মিরপুর কালশী রোডে একটি ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।
অসুস্থরা হলেন, সায়মন (২০), স্বপন ঘোষ (৩৬), শফিক (৩৯), নাঈম (২৫), সিজাউল করিম (২২), রাশেদুল ইসলাম (২৩) ও ইব্রাহিম (২৩)।
ভুক্তভোগী ও তাদের সহকর্মীরা জানান, তারা একটি প্রিন্টিং কারখানায় কাজ করেন। বিকেলে ওয়েল্ডিং করার সময় সেখান থেকে একটি আগুনের ঘটনা ঘটে। তবে আগুন অনেক বেশি ছড়িয়ে যাওয়ার আগেই কর্মচারীরা নিজেরাই নিভিয়ে ফেলেন। এরপর তারা সেই ধোয়ায় শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। পরবর্তিতে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, দোয়ার কারণে তাদের সামান্য শ্বাসকষ্ট হচ্ছিল। তাদেরকে অবজারভেশন রাখা হয়েছে। তবে কারো অবস্থাই গুরুতর নয়। আশা করা যাচ্ছে, রাতের মধ্যেই তাদেরকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হবে।