কোল্ড স্টোরেজে মিলল ১৪ লাখ ডিম

নরসিংদীতে বাজারে কারসাজি করার উদ্দেশ্যে ডিম মজুদ করার অভিযোগে একটি কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদরের বালুসাইরে এমএস স্পেশালাইজড কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের নরসিংদীর সহকারী পরিচালক মাহমুদুল রহমান। এ সময় কোল্ড স্টোরেজের কয়েকটি গুদামে প্রায় ১৪ লাখ ডিম মজুদ থাকতে দেখা যায়।

ভোক্তা অধিদপ্তর জানায়, গোপন খবরের ভিত্তিতে জানা যায় ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট ডিম মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিমের দাম বৃদ্ধি করবে। এই তথ্যের ভিত্তিতে বালুসাইর এলাকার এমএস স্পেশালাইজড কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়।

এ সময় অভিযানের তথ্য পেয়ে মালিক পক্ষ পালিয়ে যায়। পরে কর্মচারীদের মাধ্যমে কোল্ড স্টোরেজের একটি গুদাম খুললে ক্যারেটে করে সারি সারি ডিম মজুদ করে রাখতে দেখা যায়।

পরে বাকি গুদামগুলো খুলেও ডিম মজুদ করে রাখা দেখা যায়। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য গুদামগুলোতে প্রায় ১৪ লাখ ডিম মজুদ করে রাখা হয়েছে।

ভোক্তা অধিদপ্তরের নরসিংদীর সহকারী পরিচালক মাহমুদুল রহমান বলেন, কোল্ড স্টোরেজটি ভাড়া নিয়ে পাঁচ থেকে ছয় জন ব্যবসায়ী এখানে ডিম মজুদ করে রেখেছে। এখানে ব্যবসায়ীরা কেউ দুই লাখ আবার কেউ চার লাখ ডিম মজুদ করেছে। আমাদের মনে হয়েছে বাজারে সরবরাহ কম করে সংকট সৃষ্টি করে ডিমের দাম বৃদ্ধি করার উদ্দেশ্যে ডিম মজুদ করে রাখা ছিল। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার জন্য দ্রুত তিন দিনের মধ্যে ডিম বাজারজাতকরণের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে দাম বৃদ্ধিকারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ সময় সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর মনির হোসেনসহ জেলা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।