প্রথম তিন ম্যাচ জিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচ নিয়মরক্ষার। আবার প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের সুযোগ। সিরিজ শুরুর আগে নির্বাচকরা বলেছিলেন, ক্রিকেটারদের পরখ করার সিরিজ এটি। তাই শেষ দুই ম্যাচের একাদশে আসতে চলেছে বড় পরিবর্তন।
প্রথম তিন ম্যাচে স্কোয়াডে ছিলেন না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে শেষ দুই ম্যাচের জন্য ঘোষণা করা স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ দুই ক্রিকেটারকে। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে আজ চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
স্কোয়াডে পরিবর্তনের পাশাপাশি আজ একাদশেও বেশকিছু বড় পরিবর্তন আসতে পারে। স্কোয়াডে সৌম্য সরকার ফেরায় লিটনের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাকে। সাকিব আল হাসানের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া ব্যাটিং অর্ডারে আর কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।
বোলিং আক্রমণেও পরিবর্তন আসতে পারে। দুই স্পিনারের সঙ্গে বোলিং ইউনিটে থাকতে পারে ৩ পেসার। তাসকিন আহমেদের সঙ্গে সাইফউদ্দিনকে দলে রাখা হতে পারে। আর আইপিএলে দারুণ ছন্দে থাকা মোস্তাফিজকেও দলে দেখা যেতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।