সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর উত্তরপাড়া গ্রামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে মোবাইল কিনে দেওয়ার কথা বলে বলাৎকার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত মোবাইল মেকার আব্দুল আলিম লিটন মুন্সিকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসি জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর মালশাপাড়া হলি চাইল্ড স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র গত বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় মোবাইল কিনে দেওয়ার কথা বলে ভুক্তভোগী ওই ছাত্রকে বাসায় ডেকে নেয় মোবাইল মেকার আব্দুল আলিম লিটন মুন্সি। পরে তার বাসায় নিয়ে জোরপূর্বক বলাৎকার করে।
এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রের বাবা আনিছুর রহমান বলেন, ঘটনার পর আমার ছেলে কাঁদতে কাঁদকে বাড়ি গিয়ে আমার মাকে বিষয়টি খুলে বলে। এরপর বিকেলে আমি বাড়ি ফিরলে আমার মা আমাকে বিষয়টি জানায়। আমি স্থানীয় লোকজন নিয়ে লিটন মুন্সির দোকানে গিয়ে ঘটনা জানতে চাই। সে বলাৎকারের বিষয়টি স্বীকার করে আমার কাছে ক্ষমা চায়।
এ সময় স্থানীয়রা উত্তেজিত হয়ে লিটন মুন্সিকে মারধর করে। পরে সিরাজগঞ্জ সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেরাজুল ইসলাম বলেন, স্কুলছাত্রকে বলাৎকারের ঘটনায় মোবাইল মেকার আব্দুল আলিম লিটন মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা আনিছুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। গ্রেপ্তারকৃত লিটন মুন্সিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।