চলমান উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপ অনুষ্ঠিত হবে ৫ জুন। এ ধাপের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য মজিবর রহমান মজনুর স্ত্রী শিল্পী বেগম। তিনি বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেরপুর পৌরসভার তিন নম্বর সংরক্ষিত মহিলা সাবেক কাউন্সিলর ছিলেন।
শুক্রবার (১০ মে) শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন— উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বর্তমান উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ জামাল সিরাজী, সাবেক যুবলীগ নেতা এম এ হান্নান, রুবেল আহমেদ ও জাকারিয়া তারেক বিদ্যুৎ।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন— উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল বারি ডাবলু, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি রনি সরকার, আওয়ামী লীগ নেতা বিধান কুমার ঘোষ, সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও নূরে আলম সানি।
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন— বগুড়া জেলা মহিলা লীগের সহ-সভাপতি ও শেরপুর ধুনটের জাতীয় সংসদ সদস্য মজিবর রহমান মজনুর স্ত্রী শিল্পী বেগমসহ শিখা খাতুন, ফিরোজা খাতুন, মর্জিনা বিবি ও জাহেদা খাতুন ময়না।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজনকে প্রার্থী হতে নিষেধ করার বিষয়টি জানা থাকলেও শিল্পী বেগম নিজের প্রার্থিতাকে দোষের কিছু মনে করছেন না। কারণ হিসেবে তিনি বলেন, ‘আমার প্রার্থিতার বিষয়ে স্থানীয় নেতারা অবগত আছেন। মহিলা ভাইস চেয়ারম্যান যেহেতু ছোট পদ, আশা করি দলের পক্ষ থেকে কোনো বাধা আসবে না।’
এ বিষয়ে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক দেশ রূপান্তরকে বলেন, ‘এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজনদের প্রার্থিতার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। আমি শিল্পী বেগমের প্রার্থিতার বিষয়ে ফোনে অবগত হয়েছি। তিনি শেষ পর্যন্ত কী করেন এর জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দেখা দরকার।’
উল্লেখ্য, তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপের নির্বাচনে ১২ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৩-১৫ মে আপিল, ১৯ মে প্রার্থিতা প্রত্যাহার ও ২০ মে প্রতীক বরাদ্দ দেওয়ার কথা।