মেঘনায় ট্রলার ডুবে জেলে নিহত

আপডেট : ১০ মে ২০২৪, ০৫:১৭ পিএম

ভোলার মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা তিন জেলের মধ্যে দুই জেলে জীবিত উদ্ধার হলেও মো. হারুন মাল মাঝি নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত হারুন মাঝি ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিকা নগর গ্রামের মুসা মাঝি ছেলে। 

শুক্রবার (১০ মে) সকাল ৬টার দিকে ভোলা সদর উপজেলার কাঠির মাথা ও তুলাতুলি মধ্যমর্তী মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে মো. রুবেল মাঝি ও উদ্ধার করা জেলে লিটন মাঝি জানান, আজ ভোর ৫ টার দিকে হারুন মাল মাঝি ও তার দুই ছেলে রুবেল ও জুয়েলসহ একটি ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ শিকার করতে যান। সকাল ৬ টার দিকে কাঠির মাথা ও তুলাতুলি মধ্যমর্তী মেঘনা নদীতে জাল টানার সময় ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বার্জের সাথে ধাক্কা লাগে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলার থাকা রুবেল ও জুয়েল প্রাণ বাঁচাতে নদীতে ঝাপিয়ে পড়লেও তাদের বাবা হারুন মাঝি ট্রলার ডুবিতে নিখোঁজ হন। এরপর স্থানীয় জেলেদের সহযোগীতায় দুই ভাইকে নদী থেকে জীবিত উদ্ধার হয়। পরে স্থানীয় জেলেরা খবর পেয়ে নিখোঁজ হারুন মাঝির সন্ধান চালান নদীতে। প্রায় দুই ঘণ্টা পর দুর্ঘটনার কিছু দূরে নদীতে জাল পেচানো অবস্থায় হারুন মাঝির লাশ উদ্ধার করেন তারা।

ভোলা নৌকা থানার এসআই মো. ইউনুছ মুন্সি জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন। আর বার্জটি তাদের হেফাজতে রয়েছে বলে দাবী করেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত