ভোলায় নদীতে ট্রলারডুবি জেলে নিহত

ভোলার মেঘনা নদীতে একটি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে হারুন মাল মাঝি নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত হারুন মাঝি ভোলা সদর উপজেলার কালিকানগর গ্রামের মুসা মাঝির ছেলে। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে ভোলা সদর উপজেলার কাঠির মাথা ও তুলাতুলির মধ্যবর্তী মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে মো. রুবেল মাঝি জানান, শুক্রবার ভোর ৫টার দিকে হারুন মাল মাঝি ও তার দুই ছেলে রুবেল ও জুয়েলসহ একটি ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ শিকারে যান। সকাল ৬টার দিকে কাঠির মাথা ও তুলাতুলির মধ্যবর্তী মেঘনা নদীতে জাল টানার সময় থেমে থাকা একটি বার্জের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এ সময় রুবেল ও জুয়েল নদীতে ঝাঁপিয়ে পড়লে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করেন। প্রায় দুই ঘণ্টা পর দুর্ঘটনাস্থলের কিছু দূরে নদীতে জাল পেঁচানো অবস্থায় হারুন মাঝির লাশ উদ্ধার করা হয়।