শাকিব খানকে নিয়ে ২০১৫ সালে ‘এই তো প্রেম’ নামে সিনেমা নির্মাণ করেছিলেন জনপ্রিয় গল্পকার,চিত্রনাট্যকার ও পরিচালক সোহেল আরমান। এরপর অসংখ্য নাটক নির্মাণ করলেও আর সিনেমায় পাওয়া যায়নি কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনের এই পুত্রকে।
তবে ৯ বছর পর সিনেমা নিয়ে আসছেন তিনি। নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা, নাম ‘সংবাদ’। এতে অভিনয় করবেন ইরফান সাজ্জাদ, সোহেল মন্ডল ও আইশা খান। এমনটা দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
সোহেল আরমান বলেন, গল্পটা অনেক পুরনো, ১৮৭২ সালের। সে সময়ের জমিদার বাড়ির একটি হারানো গল্পে এটি নির্মিত হবে। এই গল্পটা একদমই প্রেমের গল্প নয়, তবে একটা গ্রামের গল্প, জমিদার বাড়ির চুরি যাওয়া গল্প যেটা পেয়েছি এক সাংবাদিকের মাধ্যমে। আপাতত এটুকুই। বাকিটুকু আমরা খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে জানাব।
দীর্ঘ ক্যারিয়ারে প্রায় পাঁচ শতাধিকেরও বেশি নাটক নির্মাণ করেছেন তিনি এবং একটি সিনেমা। দ্বিতীয় সিনেমা নির্মাণে এতটা সময় কেন নিলেন, এমন প্রশ্নে তিনি বলেন, প্রথম সিনেমা নির্মাণের পর একটু সময় নিয়েছিলাম। তারপর যখন ভেবেছি তখন মহামারি চলে এল। যার কারণে হয়নি। আর সবচেয়ে বড় কথা সংখ্যা বাড়ানোর চিন্তা করে আমি কখনও কাজ করতে চাই না। প্রয়োজনে একটাই কাজ করবো কিন্তু সেটা যেন ভালো কিছু হয় এবং দর্শক মনে রাখে-এরকম কিছু করার চিন্তা থাকে। এই সিনেমার গল্পটা পেয়েছিলাম চার বছর আগে কিন্তু সেসময় পড়া হয়নি। কিন্তু গত বছর এটা পড়লাম এবং দেখলাম বেশ চমৎকার। এরপর ভাবলাম এটা নিয়ে কাজ করা যায়। চিত্রনাট্যটা সুন্দরভাবে করা গেলে দারুণ একটা সিনেমা হবে, এরপর গত রোজায় এটার চিত্রনাট্য শেষ করলাম। বলা যায় এখন সব প্রস্তুতি সম্পন্ন, শুধু শুটিংয়ে যাবার পালা।
এন এ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন সোহেল আরমান নিজেই। আগামী ১লা জুন থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।