হেরে যাওয়া ম্যাচে ধোনির ‘আড়াইশ’

গতরাতে গুজরাটের কাছে ৩৫ রানে হেরে গিয়ে প্লে অফে খেলার সমীকরণ কঠিন করে তুলেছে চেন্নাই। তবে এই ম্যাচে ব্যক্তিগত এক কীর্তি গড়েছেন মহেন্দ্র সিং ধোনি। পার করেছেন আইপিএলে ২৫০ ছক্কা হাঁকানোর সীমা।

সাই সুদর্শন ও শুবমান গিলের জোড়া সেঞ্চুরিতে চেন্নাইকে ২৩২ রানের বড় লক্ষ্য দিয়েছিল গুজরাট। জবাবে চেন্নাইয়ের ইনিংস থামে ৮ উইকেটে ১৯৬ রানে। ম্যাচে ১১ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন ধোনি। ইনিংসে তিনি হাঁকান ৩টি ছক্কা।

তাতেই আইপিএলে তার ছক্কার সংখ্যা গিয়ে দাঁড়ায় ২৫১ তে। ছুঁয়েছেন সর্বোচ্চ ছক্কার মারে চারে থাকা এবি ডি ভিলিয়ার্সকে। আইপিএলে সবচেয়ে বেশি ৩৫৭ ছক্কা হাঁকিয়েছেন ক্রিস গেইল। ২৭৬ ছক্কায় দুইয়ে আছেন রোহিত শর্মা। তিনে থাকা বিরাট কোহলির ছক্কা ২৬৪টি।

পঞ্চম ক্রিকেটার হিসেবে আইপিএলে ২৫০+ ছক্কা হাঁকান ধোনি। ২২৮ ইনিংসে আইপিএলে তার রানের সংখ্যা ৫ হাজার ২১৮।