ইতালির রোম মাস্টার্স ১০০০ টেনিস টুর্নামেন্টে ম্যাচ জেতার পর সমর্থকদের অটোগ্রাফ দেওয়ার সময় আরেক ভক্তের ব্যাগ থেকে অনিচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া বোতলের আঘাতে আহত হয়েছেন টেনিসের কিংবদন্তি নোভাক জকোভিচ। অবশ্য স্বস্তির বিষয় ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা জকোভিচের আঘাত গুরুতর কিছু নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জোকোভিচ নিচে দাঁড়িয়ে গ্যালারিতে থাকা এক ভক্তকে অটোগ্রাফ দেওয়ার সময় পাশ থেকে উবু হয়ে হাত বাড়িয়ে দেন অন্য এক ভক্ত। তখন সেই হাত বাড়িয়ে দেওয়া ভক্তের ব্যাগ থেকে পানির বোতল পড়ে সরাসরি গিয়ে আঘাত করে জকোভিচের মাথায়। বোতলের আঘাতে তাৎক্ষণিকভাবে লুটিয়ে পড়েন এই টেনিস তারকা। কিছু সময় মাথায় হাত দিয়ে বসে থাকার পর সেখান থেকে সরিয়ে নেওয়া হয় জকোভিচকে।
আঘাতের পর চিকিৎসকেরা জকোভিচের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। তার মাথায় রক্ত দেখলেও কোনো ধরনের সেলাই লাগেনি বলে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এদিন এ সার্বিয়ান তারকার ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনও বাতিল করা হয়। ঘটনার আগে ফ্রান্সের কোরেন্টিন মোটেটের বিপক্ষে ৬–৩ ও ৬–১ গেমে জয় পান জকোভিচ।
প্রতিযোগিতার আয়োজকদের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘ম্যাচ শেষে সেন্টার কোর্ট ছাড়ার সময় অটোগ্রাফ দিতে গিয়ে মাথায় পানির বোতলের আঘাত পেয়েছেন জকোভিচ। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা উদ্বিগ্ন হওয়ার মতো নয়।’
https://twitter.com/DjokerNole/status/1789060292611109289
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জকোভিচ নিজের শারীরিক অবস্থার বর্ণনায় লিখেছেন, ‘উদ্বিগ্ন হয়ে যারা বার্তা দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এটা একটা দুর্ঘটনা ছিল এবং আইসপ্যাক নিয়ে হোটেলে বিশ্রামের পর আমি এখন ভালো আছি। রবিবার সবার সঙ্গে দেখা হবে।’