বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয় শ্রমিক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ির বান্দাঘাটা খাল এলাকায় মুসলঘারে বৃষ্টির মধ্যে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন মোস্তফা (৫৫) এবং মিলন (৩৫)। তাদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুরে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, বজ্রপাতে আহত মোট আটজনকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় পেয়েছি। নিহতরা ঘটনাস্থলেই মারা যান বলে ধারনা করছি। অন্য আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা শঙ্কামুক্ত।
শরণখোলা থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, শনিবার সকাল সাড়ে দশটার দিকে ইটবালু বোঝাই একটি ট্রলার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি এলাকার বান্দাঘাটা খালে পৌঁছলে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় ট্রলারে থাকা ৭/৮ জন শ্রমিক বৃষ্টি থেকে রক্ষা পেতে ট্রলার থেকে নেমে পাশের একটি ঘরে আশ্রয় নিতে যাওয়ার পথে বৃষ্টির বজ্রপাত হয়। বজ্রপাতে সবাই কমবেশী আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।