টানা পঞ্চম লিগ শিরোপা থেকে আর মাত্র ৪৫ মিনিট দূরে বসুন্ধরা কিংস। শনিবার ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে স্বাগতিক মোহামেডানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা। অনেকগুলো সুযোগ নষ্ট করার পর ১৮ মিনিটে মোহামেডানের জালের দেখা পান ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজ।
জিতলেই শিরোপা, এমন সমীকরণকে সামনে রেখে একাদশে দু'টি পরিবর্তন করেন বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। আগের ম্যাচে কার্ডের কারণে খেলতে না পারা সেন্টারব্যাক তপু বর্মণ করে দিতে সরে যেতে হয়েছে দারুণ ফর্মে থাকা বিশ্বনাথ ঘোষকে। মূলত রাইটব্যাক বিশ্বনাথকে বেঞ্চে রেখে তার পজিশনে আবাহনীর বিপক্ষে আগের ম্যাচে ভালো খেলা রিমন হোসেনে আস্থা রেখেছেন কোচ। আক্রমণের শক্তি বাড়াতে হোল্ডিং মিডফিল্ডার মাসুক মিয়া জনির জায়গায় একাদশে খেলছেন শেখ মোরসালিন। তিন ব্রাজিলিয়ান ডরিয়েলটন, রবসন রবিনহো, মিগেল ফিগেইরার সঙ্গে আক্রমণে যোগ দিয়েছেন ফর্মে থাকা রাকিব হোসেন ও মোরসালিন।
আক্রমণাত্মক মেজাজে খেলতে নামা বসুন্ধরা শুরু থেকেই মোহামেডানের রক্ষণ চেঁপে ধরে একের পর এক আক্রমনে। তবে বেশ ক'টি গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ডরিয়েলটন। ম্যাচের পঞ্চম মিনিটে ডান দিক থেকে রিমন হোসেনের ক্রসে পা ছোঁয়াতে পারেননি অফসাইড ফাঁদ ভেঙে জায়গা করে নেওয়া ডরিয়েলটন। ১৩ মিনিটে রবিনহোর সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সে ঢুকে গড়বড় পাঁকিয়ে ফেলেন এই স্ট্রাইকার। তার ডানপায়ের শট পোস্টের অনেক বাইরে দিয়ে যায়। দুই মিনিট পর ফের হতাশ করেন ডরিয়েলটন। বক্সের ভেতর মোরসালিনের আলতো পাসে ডরিয়েলটনের শট লক্ষ্যে থাকেনি। তবে ১৮ মিনিটে ঠিকই কাজের কাজটি করেন তিনি। মোরসালিনের কাছ থেকে বল পেয়ে মিগেল নিঁখুত থ্রু ঠেলে দেন বক্সে থাকা ডরিয়েলটনকে। বক্সের ডান দিক থেকে তার ডানপায়ের শট রোখার সাধ্য ছিলো না মোহামেডান কাস্টডিয়ান সুজন হেসোনের। পিছিয়ে পড়ে মোহামেডান চেষ্টা করেছে ম্যাচে ফেরার। তবে সেভাবে গোঁছাতে পারেনি তারা। বারবার বল হারিয়েছে মাঝমাঠে। ২১ মিনিটে অবশ্য উজবেক প্লে-মেকার মোজাফফরভের ভয়ঙ্কর হতে থাকা একটি ফ্রি-কিক শেষ পর্যন্ত পোস্ট উঁচিয়ে বাইরে যায়। ৩৯ মিনিটে মোজাফফরভ বক্সের অনেক বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে পরীক্ষা নিতে চেয়েছিলেন বসুন্ধরা গোলকিপার মেহেদী হাসান শ্রাবনকে। একটু অপ্রস্তুত থাকলেও শেষ পর্যন্ত তার পাঞ্চ করে রুখে দেন বসুন্ধরার তরুণ গোলকিপার। ফলে এগিয়ে থাকার স্বস্থি নিয়ে বিরতিতে যায় বসুন্ধরা।
বিরতির পর ৫২ মিনিটে আবার গোল করেন ডরিয়েলটন গোমেজ।
