মোটরসাইকেলের বেপরোয়া গতি কাল হলো কলেজছাত্রের

নড়াইলে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে মামুন সমাদ্দার (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের ধাক্কায় কাজেম আলী (৩৫) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (১১ মে) সকাল ১০টার দিকে নড়াইল-ফুলতলা সড়কের কাড়ার বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আহত কাজেম আলী নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের আজিজ মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মামুন দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে নড়াইল শহর থেকে ফুলতলা যাচ্ছিলেন। পথে পৌর এলাকার কাড়ার বিলের মাঝে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলগামী বাইসাইকেল চালক শ্রমিক কাজেম আলীকে ধাক্কা দিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন তিনি। এতে তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত কাজেম আলীর বাম পা ও ডান হাত ভেঙে গেছে। তাকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘মৃতদেহটি নড়াইল সদর হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’