প্রতীক বরাদ্দের আগেই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তফসিল অনুযায়ী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১৩ মে। কিন্তু দেখা যায় মনোনয়নপত্র দাখিলের পর থেকেই দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা প্রতীকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার ছেড়েছেন এবং ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। আগামী ২৯ মে ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচন অনষ্ঠিত হবে।

জানা গেছে, দাগনভূঞা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দিদারুল কবির রতনের অনুসারীরা ‘দোয়াত-কলম’ প্রতীকের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার ছেড়ে প্রচারণা করছে। অথচ তাদের এখনও প্রতীক বরাদ্দ দেয়নি নির্বাচন অফিস।

পোস্টারে লেখা আছে, আসন্ন দাগনভূঁইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল কবির রতন কে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও গরিব দুঃখী মেহনতী মানুষের খেদমত করার সুযোগ দিন। 

এ বিষয়ে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কুমিল্লা অঞ্চল ও রিটার্নিং অফিসার, (৩য় ধাপ) মুহাম্মদ নাজিম উদ্দীন বলেন, প্রতীক বরাদ্দের আগে কোনও প্রার্থীরই পোস্টার ছাপানোর সুযোগ নেই। যে প্রার্থীর পোস্টার ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়েছেন তার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী দিদারুল কবির রতন বলেন, আমি দোয়াত-কলম প্রতীক চেয়ে নির্বাচন অফিসে আবেদন করেছি, কিন্তু এখনও বরাদ্দ দেওয়া হয়নি। আমার শুভাকাঙ্ক্ষীরা ভালোবেসে অতি উৎসাহী হয়ে ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নতুন আইন অনুযায়ী প্রচারণা করা যাবে। বরাদ্দের আগে ‘দোয়াত-কলম’ প্রতীক আপনি কীভাবে পেলেন জানতে চাইলে তিনি বলেন, আমি ছাড়া আর কেউ এ প্রতীকের জন্য আবেদন করেননি। তাই আমি আশাকরি আমিই পাবো।

নির্বাচনী অফিস সূত্র বলছে, আগামী ১৩ মে প্রতীক বরাদ্দ পাবে নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। যদি একই প্রতীক একাধিক প্রার্থীর পছন্দ থাকে তাহলে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, তৃতীয় ধাপের মনোনয়নপত্র জমা দেওয়া হয় ২ মে। মনোনয়নপত্র বাছাই হয় ৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে। প্রচার পর্ব শেষে ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বৈধ প্রার্থীদের মাঝে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান শুসেন চন্দ্রশীল, মনজুর আলম ও মদির উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এ,কে, শহীদ উল্যাহ্ খোন্দকার, মামুন উল হক, গোলাম কিবরিয়া ও নুরুল আলম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুর্শিদা আক্তার, বিবি আমেনা, আরজুমান আক্তার রয়েছেন।

দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান দিদারুল কবির রতন ও বিজন ভৌমিক, ভাইস চেয়ারম্যান পদে আবদুল হক, মোহাম্মদ মহিউদ্দিন হায়দার, মোহাম্মদ ইউচুপ আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাসকিরা তান্নিন, পেয়ারা বেগম, রাবেয়া আক্তার এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপ্টন, নুর আলম মিষ্টার, পারভীন আক্তার, মো. মজিবুল হক, মহি উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, মো. আইয়ুব আলী হায়দার, মো. বেলাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদেজা খানম, নুর জাহান আক্তার বকুলের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।