ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের টানা পঞ্চম লিগ শিরোপার উদযাপনটা হলো সাদামাটা। চ্যাম্পিয়ন লেখা টি-শার্ট পরে খানিকটা উদযাপন। ব্যাস। মূল উৎসবটা তারা তুলে রেখেছে নিজ আঙিনার জন্য। মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে দেশের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা পাঁচবার প্রিমিয়ার লিগের শিরোপা ঘরো তোলার আনন্দটা কিংস অ্যারেনাতেই করতেই চায় চ্যাম্পিয়নরা।
কিংসকে পঞ্চম শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখা ফরোয়ার্ড রাকিব হোসেন জানালেন তেমনটাই, 'উৎসব এখানে শুরু হয়েছে। তবে মূল উৎসব হবে কিংস অ্যারেনায়।'
একেবারে শুরু থেকেই কিংসের সাফল্যের সারথি হয়ে আছেন গোলকিপার আনিসুর রহমান জিকো। পাঁচে পাঁচের সাক্ষ্মী জিকো অবশ্য শনিবার ছিলেন দর্শক হয়ে। গত সপ্তাহে আবাহনীর বিপক্ষে কপাল ফেটে রক্তাক্ত হতে হয়েছিল তাকে। সেলাই নিয়েই ময়মনসিংহের মাঠে সতীর্থদের সঙ্গে উদযাপন করে জিকো বললেন, 'এই অনুভূতি প্রকাশ করার মতো না। আমি এই দলের হয়ে পাঁচটি লিগই জিতেছি, অন্য সব শিরোপাও জিতেছি। এই অনুভূতি বলার মতো না।'
ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনহোর এটা কিংসের হয়ে তৃতীয় লিগ শিরোপা। তারপরও সাফল্য ক্ষুধা কমেনি এই ব্রাজিলিয়ানের। ফেডারেশন কাপ জিতে মৌসুমে ট্রেবল জিততে চান রবিনহো, 'বিপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন যেটা ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা ফেডারেশন কাপের জন্য লড়ব।'
কোচ অস্কার ব্রুজোন এটাকে সম্মিলিত চেষ্টার ফসল হিসেবে দেখছেন। একেবারে শুরু থেকেই দলটির কোচের দায়িত্ব থাকা স্প্যানিশ বলেন, 'এই দলের প্রতিজ্ঞা আর ক্ষমতা অবিশ্বাস্য। আমাদের হাতে আরও তিন ম্যাচ আর ফেডারেশন কাপ আছে। আমরা এখানে জিততেই এসেছিলাম।' বর্ষীয়ান ডিফেনশার তপু বর্মণ অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, 'অসাধারণ অনুভূতি। এটা আমাদের কঠোর পরিশ্রমের ফল। এটা নিয়ে ভীষণ খুশি। আমরা সবাই মিলে এই শিরোপাটা দারুণভাবে উদযাপন করব।'
মিডিফিল্ডার সোহেল রানা এই শিরোপাকে বিশেষ করে রাখলেন, 'বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো ক্লাব টানা পাঁচবার লিগ শিরোপা জিতেছে, একজন খেলোয়াড় হিসেবে বলবো এটা অনেক বড় একটা অর্জন। খেলা ছাড়ার পরও এটা আমার সারা জীবন মনে থাকবে। বসুন্ধরা যেভাবে এগোচ্ছে, অতীতের যত সব রেকর্ড কীভাবে ভাঙা যায় সেভাবেই তারা প্রতিবার দল গড়ে। আশা করি সামনেও আমাদের সেই ধারাবাহিকতা থাকবে। সামনে ফেডারেশন কাপ, সেখানেও যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি এখন সেই চিন্তাটুকুই করছি।'