ডরির জোড়ায় বসুন্ধরার পাঁচে পাঁচ

রেফারির শেষ বাঁশি বাজতেই হাসিমুখে মাঠেই শুয়ে পড়লেন ডরিয়েলটন গোমেজ। সেটা ছিল তৃপ্তির হাসি। বসুন্ধরা কিংসকে শিরোপা জেতানোর হাসি। হ্যাঁ সমর্থকদের আর অপেক্ষায় রাখেননি এই ব্রাজিলিয়ান। জোড়া গোলে তিনি হয়ে যান ম্যাচ ও শিরোপা জয়ের নায়ক। ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে স্বাগতিক মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা রেস থেকে ছিটকে ফেলে টানা পঞ্চম শিরোপার অনন্য রেকর্ড গড়ল বসুন্ধরা। এমনটা দেশের ফুটবলে হয়নি কখনো। উপমহাদেশের ফুটবলেও নয়।

বসুন্ধরাই প্রথম দল হিসেবে শীর্ষ লিগে আবির্ভাবের পর জিতে নিয়েছে টানা পাঁচ শিরোপা। কলকাতা মোহামেডানের এ রকম একটা রেকর্ড আছে। তবে সেটা তারা করেছিল কলকাতা লিগে। হাতে আরও তিনটি ম্যাচ থাকলেও বসুন্ধরা এই ম্যাচে খুব করে চেয়েছে শিরোপা নিশ্চিত করতে। তাই তো তাদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন সাজান আক্রমণাত্মক একাদশ। কার্ডের কারণে গত ম্যাচ মিস করা সেন্টারব্যাক তপু বর্মণকে জায়গা দিতে সরে যেতে হয় দারুণ ফর্মে থাকা বিশ্বনাথ ঘোষকে। আবাহনীর বিপক্ষে আগের ম্যাচে ভালো খেলা রিমন হোসেনে আস্থা রাখেন কোচ। আর আক্রমণের শক্তি বাড়াতে হোল্ডিং মিডফিল্ডার জনির জায়গায় একাদশে রাখেন মোরসালিনকে। আক্রমণাত্মক মেজাজে খেলতে নামা বসুন্ধরা শুরু থেকেই মোহামেডানের রক্ষণ চেপে ধরে একের পর এক আক্রমণে।

তবে বেশ কটি গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ডরিয়েলটন। ম্যাচের পঞ্চম মিনিটে ডান দিক থেকে রিমন হোসেনের ক্রসে পা ছোঁয়াতে পারেননি অফসাইড ফাঁদ ভেঙে জায়গা করে নেওয়া ডরিয়েলটন। ১৩ মিনিটে রবিনহোর সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সে ঢুকে গড়বড় পাকিয়ে ফেলেন এই স্ট্রাইকার। তার ডানপায়ের শট পোস্টের অনেক বাইরে দিয়ে যায়। তবে ১৮ মিনিটে ঠিকই কাজের কাজটি করেন তিনি। মোরসালিনের কাছ থেকে বল পেয়ে মিগেল নিখুঁত থ্রু ঠেলে দেন বক্সে থাকা ডরিয়েলটনকে। বক্সের ডান দিক থেকে তার ডানপায়ের শট রোখার সাধ্য ছিল না মোহামেডান কাস্টডিয়ান সুজন হোসেনের। দ্বিতীয়ার্ধে দুটি পরিবর্তন করে মোহামেডান কোচ আলফাজ আহমেদ চেয়েছেন মাঠে ফিরতে। মঙ্গলবার ফেডারেশন কাপের সেমিফাইনালের নায়ক শাহরিয়ার ইমন আসেন মানিক মোল্লার জায়গায়।

আর রাইট উইঙ্গার আরিফ হোসেন মাঠে আসেন কামরুলের বদলি হিসেবে। তাতে তাদের খেলায় গতি আসে। আক্রমণও হয় গোছালো। তবে রক্ষণে এই চাপের মধ্যেই ৫২ মিনিটে ব্যবধান বাড়ায় বসুন্ধরা। শেখ মোরসালিনের কর্নারে একেবারের ফাঁকা হয়ে পড়া ডরিয়েলটন হেডের আনুষ্ঠানিকতা সেরেছেন। এরপর থেকেই মোহামেডান জোর চেষ্টা চালিয়েছে। ৬৬ মিনিটে অসাধারণ গোলে মোহামেডানের ব্যবধান কমান প্রথমপর্বে বসুন্ধরাকে হারানোর নায়ক মিনহাজ রাকিব। প্রথমে সানডের সঙ্গে বল দেওয়া নেওয়া করেন। এরপর বক্সের মাঝখান দিয়ে আক্রমণে উঠতে শাহরিয়ার ইমনের সঙ্গে ওয়ান টু করে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এই মিডফিল্ডার। ৭০ মিনিটে সমতায় ফেরার সেরা সুযোগ নষ্ট করে মোহামেডান। মাঝমাঠ থেকে বল নিয়ে অনেকটা এগিয়ে আড়াআড়ি পাস বাড়ান ফাঁকায় থাকা শাহরিয়ার ইমনকে।

পাঁচ শিরোপায় দেশের ঘরোয়া ফুটবলের ইতিহাসে বসুন্ধরা কিংস এখন লিগজয়ীদের তালিকায় উঠে এসেছে চার নম্বরে। সর্বোচ্চ ১৯টি লিগ শিরোপা জিতেছে মোহামেডান। ১৭ শিরোপায় দুইয়ে আবাহনী। ঢাকা ওয়ান্ডারার্স পঞ্চাশ ও ষাটের দশকে জিতেছিল সাত শিরোপা। পাঁচটি করে শিরোপা বসুন্ধরা ও বারবার নাম বদলানো বিজেএমসির।