ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ নিশ্চিত, প্যারিস অলিম্পিক ফুটবলে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স দলের হয়ে খেলবেন। আর পিএসজি ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়া এমবাপ্পের পরবর্তী গন্তব্য রিয়াল মাদ্রিদ বলেও ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক ভিডিওর মাধ্যমে মাখোঁ বলেন, ‘অলিম্পিক গেমসে (খেলতে) কিলিয়ানকে ছেড়ে দেওয়ার জন্য আমি রিয়াল মাদ্রিদের ওপর ভরসা করছি, যাতে সে ফ্রান্স দলের সঙ্গে খেলতে পারে।’ সাত বছর পর এমবাপ্পে পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টা পরই ফ্রান্সের প্রেসিডেন্ট এসব কথা বলেছেন। পিএসজি ছাড়ার পর কোথায় যাচ্ছেন এমবাপ্পে তা নিয়ে গুঞ্জনের মধ্যে মাখোঁর এই বক্তব্য আলোচনার জন্ম দিয়েছে। এর আগে এক ভিডিওতে এমবাপ্পে নিজেই পিএসজি ছাড়ার কথা বলেছেন, ‘আমি আপনাদের জানাতে চাই, পিএসজির হয়ে এটিই ছিল আমার শেষ মৌসুম। আমি আর মেয়াদ বাড়াচ্ছি না, এই যাত্রা আসছে কয়েক সপ্তাহেই শেষ হতে যাচ্ছে। রবিবার পার্ক দে প্রিন্সেসে আমার শেষ ম্যাচ খেলব।’ অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট আন্তর্জাতিক উইন্ডোর মধ্যে পড়ে না, যার মানে হলো ক্লাবগুলো এটির জন্য তাদের খেলোয়াড়দের ছেড়ে দিতে বাধ্য নয়। ২০১৭ সালে মোনাকো ছেড়ে পিএসজিতে নাম লেখান এমবাপ্পে। পিএসজির হয়ে সব মিলিয়ে ৩০৬ ম্যাচে ২৫৫ গোল করেছেন। এদিকে এএস তাদের এক খবরে বলছে এমবাপ্পের পরবর্তী ক্লাব হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তাদের রিপোর্টে রিয়ালে এমবাপ্পের বেতনের বিষয়টি তুলে ধরা হয়েছে। তাদের রিপোর্টে বলা হয়েছে আগে পিএসজিতে এমবাপ্পে ট্যাক্স কাটার পর বেতন পেতেন বছরে ৭২ মিলিয়ন ইউরো। রিয়ালে তিনি পাবেন বছরে ২৫ মিলিয়ন ইউরো।