পিছিয়ে পড়েও জয় মায়ামির, ইনজুরি থেকে বাঁচলেন মেসি

মেজর লিগ সকারের ম্যাচে বাংলাদেশ সময় আজ সকালে হওয়া ম্যাচে মন্ট্রিলে ৩২ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়েছিল ইন্টার মায়ামি। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছেন মেসি-সুয়ারেজরা।

মায়ামি ৩-২ গোলে হারিয়েছে মন্ট্রিলকে। মায়ামির হয়ে গোল তিনটি করেন মাতিয়াস রোহাস, লুইস সুয়ারেজ ও বেনজামিন ক্রেমাশ্চি।

মৌসুমে এই প্রথম কোন গোলে অবদান রাখতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। বেঁচে গেছেন বড় ধরনের ইনজুরি থেকে। প্রথমার্ধের শেষ দিকে মন্ট্রিলের জর্জ ক্যাম্পবেলের ট্যাকলে বাঁ হাটুতে আঘাত পান মেসি। তাৎক্ষণিক পরিচর্যার পর খেলেন পুরো সময়ই।

বাঁ হাটুতে আঘাত পেয়ে মাঠে পরেছিলেন মেসি।

চিকিৎসার পর মেসি মাঠে ফেরেন দুই মিনিট পর। মাঠে ফিরতে দুই মিনিট অপেক্ষা করতে হয়েছে এমএলএস এর নতুন নিয়মের কারণে। এ সময় ক্যামেরাতে মেসিকে বলতে শোনা যায়, 'এই ধরনের নিয়মের মাধ্যমে আমরা ভুল পথে চলছি।'

কোপা আমেরিকার আগে বড় ধরনের ইনজুরিতে পড়তে পারতেন আর্জেন্টাইন অধিনায়ক। বেঁচে গেছেন তিনি।

ম্যাচের ২২ মিনিটে ডুক এবং ৩২ মিনিটে অ্যান্থনি ভিলসেইন্টের গোলে এগিয়ে যায় মন্ট্রিল। চলতি মৌসুমে এ নিয়ে ৭ ম্যাচে আগে গোল হজম করলো মায়ামি।

মেসি যখন সাইডলাইনে অপেক্ষায় ছিলেন, সুয়ারেজকে বক্সের বাইরে মন্ট্রিলের সামুয়েল ফাউল করায় ফ্রি-কিক পায় মায়ামি। মেসির অনুপস্থিতিতে ফ্রি-কিকটি নেন মাতিয়াস রোহাস।  অসাধারণ বাকানো শটে গোল করেন এই প্যারাগুইয়ান অ্যাটাকিং মিডফিল্ডার।

প্রথমার্ধের যোগকরা সময়ে সমতায় ফেরে মায়ামি। মেসি সুয়ারেজের উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন তবে মন্ট্রিলের এক ডিফেন্ডার সেটি মাঠের বাইরে পাঠালে কর্নার পায় মায়ামি। কর্নার থেকে আসা বল মন্ট্রিলের ডুকের মাথায় লাগার পর পেয়ে যান সুয়ারেজ। বল জালে পাঠিয়ে সমতা ফেরান উরুগুইয়ান এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে এমএলএস এ এটি সুয়ারেজের ১১তম গোল। তাতে গোলদাতাদের তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেছেন সুয়ারেজ।

৫৯ মিনিটে মাতিয়াসের অ্যাসিস্ট থেকে ক্রেমাশ্চি গোলে লিড নেয় মায়ামি। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় পায় মায়ামি।

লিগে চলতি মৌসুমে ১৩ ম্যাচে অষ্টম জয় পেল ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ২৭ পয়েন্টে শীর্ষে আছে মায়ামি। মায়ামি পরবর্তী ম্যাচে বুধবার ওরল্যান্ডে সিটির বিপক্ষে মাঠে নামবে।