একজন সন্তানের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মা। আর মাকে কোনো কিছু দিয়েই আসলে যথাযথ উপহার দেওয়া হয় না। কারণ, মা যা দিয়েছেন, তার কাছে যত দামি উপহারই হোক, সবই তুচ্ছ।
তবু মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করা সন্তানের কর্তব্য। আর অনেকেই উপহারের মাধ্যমে সেই ভালোবাসা প্রকাশ করে থাকেন।
মা দিবসে সন্তানের পক্ষ থেকে মায়ের জন্য ছোট্ট একটি উপহার মায়ের কাছে পরিণত হতে পারে অমূল্য সম্পদে। যদিও মূল্যমানের দিক থেকে পৃথিবীর কোনো উপহারই মায়ের অবদানের সমতুল্য নয়, এরপরও ছোট্ট উপহার বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে পারে।
মায়ের পছন্দের খাবার
মায়ের প্রতি আবেগের অভিব্যক্তি প্রকাশের সেরা উপায় হলো তার পছন্দের খাবারটি বানিয়ে তাকে খাওয়ানো। কাজের ব্যস্ততায় রোজ হয়তো রান্না করা হয়ে উঠে না। কিন্তু একটু সময় করে এই দিনটিতে মাকে রান্নাঘর থেকে ছুটি দিন। তার পছন্দের কিছু খাবার রান্না করুন। দেখবেন অনেক দামী উপহারের চেয়েও এই উপহার পেয়ে মা অনেক খুশি হয়ে গেছেন।
মায়ের জন্য সময় এবং ঘুরতে যাওয়া
নানা কাজের ভিড়ে মাকে হয়তো বেশি সময় দিতে পারেন না। এই দিনটি শুধুই মায়ের জন্য রাখুন। সারা দিন মায়ের কাছে কাছে থাকলে এটিই হবে মায়ের জন্য বড় উপহার। এছাড়া সময় বের করে মাকে নিয়ে ঘুরতে যেতে পারেন তার পছন্দের কোনো জায়গায়। ঘুরতে গেলে সবারই ভালো লাগে। আর সেটি যদি হয় পছন্দের জায়গা, তা হলে যোগ হয় বাড়তি আনন্দ।
মায়ের পছন্দের পোশাক
মা দিবসে মাকে আরও একটু বেশি খুশি করতে চাইলে মাকে দিতে পারেন তার পছন্দের পোশাক। সাধারণত আমাদের দেশে বেশীরভাগ মায়েরাই শাড়ি পরে থাকেন। তবে অনেকে আবার সেলোয়ার কামিজ ও পরেন। আর তাই মায়ের পছন্দের ফেব্রিক ও রঙের শাড়ি বা পোশাক পেলে সে অনেক খুশি হয়ে যাবে।
পছন্দের বই
মা যদি বই পড়তে ভালোবাসেন, তা হলে তার জন্য খুব ভালো একটা উপহার হবে বই। মায়ের পছন্দের লেখকের বই কিনতে পারেন। এতে তার সংগ্রহের ঝুলিতে যোগ হবে আরও একটা বই। এতে মা খুশি হবেন এবং অবসরে বইটা পড়তে পারবেন।
প্রিয় জিনিস দিয়ে ঘর গোছানো
সন্তানেরা বড় হলে ঘরের সাজসজ্জাতেও সন্তানের পছন্দ প্রাধান্য পেতে শুরু করে। এক সময় নিজেই ভুলে যেতে বসেন অনেক আগে তার কী পছন্দ ছিল। আর তাই মা দিবসে মায়ের পছন্দের যাবতীয় জিনিস দিয়ে ঘর পরিপাটি করে সাজিয়ে মাকে চমকে দেয়া যেতেই পারে। এক্ষেত্রে মায়ের পছন্দের রঙের পর্দা, বিছানার চাদর, মায়ের পছন্দের ফুল দিয়ে ঘর সাজানো যেতে পারে।
ভিডিও বা ফটো অ্যালবাম
সন্তানের বড় হওয়ার প্রতিটি ফ্রেমবন্দি মুহূর্ত আত্মীয়-স্বজনকে দেখাতে পছন্দ করেন সব মা-ই। এই ভালো লাগাটিকেই আরও বাড়িয়ে দিতে পারে সন্তানের সঙ্গে কাটানো সেরা কিছু মুহূর্তের ভিডিও বা ফটো অ্যালবাম। জন্মদিন, কোথায় ঘুরতে যাওয়া, বাসায় বিশেষ কোনো অতিথির আগমন ইত্যাদি পারিবারিক সময়গুলোতে মায়ের সঙ্গে অতিবাহিত দারুণ মুহূর্তগুলোকে রেকর্ড করে উপহার দেওয়া যেতে পারে। অনেক দিন পর সেই ভিডিও বা ছবিগুলো মাকে দেখালে তা এক অবিস্মরণীয় মুহূর্তের জন্ম দিতে পারে।
রান্নার সরঞ্জাম
রান্নাঘরেই গৃহিণী মায়েদের দিনের সিংহভাগ সময় কাটে। সন্তানসহ ঘরের প্রতিটি মানুষের আহারের দিকটা খুব দায়িত্বের সঙ্গে খেয়াল রাখেন এ মানুষটি। তাই রান্নার কাজে সাহায্য হয় এমন কোনো সরঞ্জাম উপহার তার জন্য শুধু চমকপ্রদই হবে না, নিজের ভালোবাসার রান্নার কাজটিতে তিনি আরও বেশি করে মনোনিবেশ করতে পারবেন।