কানাডায় খালিস্তানপন্থি নেতা হারদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আমান্দীপ সিং (২২) নামে আরও এক ভারতীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজ্জর হত্যাকাণ্ডে এ নিয়ে চারজন ভারতীয়কে গ্রেপ্তার করল কানাডা পুলিশ।
এর আগেও একই অভিযোগে তিন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ গ্রেপ্তারকৃত যুবকের নাম আমান দীপ সিং। স্থানীয় সময় শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
কানাডার ব্রাম্পটন, সারে এবং অ্যাবসটফোর্ড -- এ তিন শহরেই বাস করতেন আমান্দীপ সিং। হারদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে তাকে ফার্স্ট ডিগ্রি মার্ডার ষড়যন্ত্রকারী সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগেও পুলিশ তাকে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য গ্রেপ্তার করেছিল।
যদিও অন্য একটি মামলায় কানাডা পুলিশের হেফাজতেই ছিলেন আমান্দীপ। তাঁর কাছ থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করা হয়েছিল। সেই মামলার তদন্ত চলাকালীনই নিজ্জর হত্যার সঙ্গে আমানদীপের যোগ খুঁজে পাওয়া যায় বলে দাবি করেছে কানাডা পুলিশ।
এদিকে কানাডার পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, শিখ নেতা হারদীপ সিং হত্যা সন্দেহে এর আগেও তিন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, করণ ব্রার (২২), কমল প্রিত সিং (২২) ও করণ প্রিত সিং (২৮)। তারা সবাই এডমন্টন শহরের বাসিন্দা। আদালতের নথিপত্র অনুযায়ী, তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, নিজ্জর হত্যাকাণ্ডের তদন্ত চলছে। ওই হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারেতে খুন হন নিজ্জর। এই হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত বলে অভিযোগ করে কানাডা। যদিও ভারতের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।