পার্লামেন্ট ভেঙে দিলেন কুয়েতের আমির

উপসাগরীয় দেশ কুয়েতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কয়েক সপ্তাহ পরেই পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির আমির শেখ মিশাল আল–আহমাদ আল–সাবাহ। সেই সঙ্গে পার্লামেন্টের কিছু দায়িত্ব গ্রহণ করেছে সরকার।

গত শুক্রবার কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এসব তথ্য জানান আমির শেখ মিশাল আল–আহমাদ আল–সাবাহ। ভাষণে তিনি পার্লামেন্ট ভেঙে দেওয়া এবং কিছু দায়িত্ব নিজের ও রাজতন্ত্র–নিযুক্ত মন্ত্রিসভার ওপর বর্তানোর কথা জানান।

গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

কুয়েতের আমির দেশটির সংবিধানের কিছু অনুচ্ছেদ চার বছরের মধ্যেই স্থগিত করা হবে বলে জানান। তবে সংবিধানের কোন অনুচ্ছেদ স্থগিত করা হবে, তা বিস্তারিত উল্লেখ করেননি তিনি।

ভাষণে ৮৩ বছর বয়সী এই শাসক বলেন, "বিগত বছরগুলোতে কুয়েতে নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির বিস্তার ঘটায় বেশিরভাগ রাষ্ট্রীয় সেবাখাতগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ দেখা দিয়েছে। যা দেশটির বিচার পদ্ধতিকেও প্রভাবিত করছে।‘

তিনি বলেন, "আমরা এমন অসুবিধা এবং বাধার সম্মুখীন হয়েছি যা সহ্য করা যায় না।"

গত এপ্রিলে কুয়েতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরে কুয়েতের আমির হন শেখ মিশাল আল–আহমাদ আল–সাবাহ। সৎভাই ও সাবেক আমির শেখ নওয়াফ আল–আহমাদ আল–জাবের আল–সাবাহর মৃত্যুর পর কুয়েতের নতুন আমির হন শেখ মিশাল।

বলা হচ্ছে, পার্লামেন্ট ও মন্ত্রিসভার মধ্যে ক্রমেই বিরোধ বাড়ছিল। যার পরিপ্রেক্ষিতে কুয়েতের আমিরের পক্ষ থেকে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে।

কুয়েতের পার্লামেন্টে আগামীকাল সোমবার অধিবেশন বসার কথা ছিল। তবে কয়েকজন রাজনীতিবিদ সরকারে অংশ নিতে অস্বীকার করায় রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়।