ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেওয়া এবং কোনো দেশ বা বাহিনীকে নিজেদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছে কুয়েত সরকার।
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি রিপোর্টের পর কুয়েত আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, কুয়েত ও বাহরাইনের যুদ্ধবিমান ইরানে গোপন বিমান হামলায় অংশ নিয়েছে। কুয়েত এই প্রতিবেদনটিকে "সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য" বলে অভিহিত করেছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখ জাইন আল-সাবাহ ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি প্রতিবেদনটি সংশোধন করার জন্য সংবাদমাধ্যমটির প্রতি আহ্বান জানিয়েছেন।
কুয়েত রাষ্ট্রীয়ভাবে জানিয়েছে যে, তারা আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযানের জন্য নিজেদের সীমান্ত ব্যবহারের অনুমতি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান তীব্র সামরিক উত্তেজনার মধ্যে কুয়েত নিজেদের অবস্থান পরিষ্কার করল, যেন এই সংকটের মধ্যে তাদের জড়িয়ে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি তৈরি না হয়।
ইরানের মেহর নিউজ কুনার বরাতে জানিয়েছে, কুয়েত এই মিথ্যা তথ্য জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। তবে মার্কিন গণমাধ্যমের ওই প্রতিবেদনের বিষয়ে বাহরাইন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।