পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় স্কুল যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় তিথি রানী (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তিথি গোয়ালপাড়া বিউটিফুল মাইন্ড কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
নিহত শিশুটির বাড়ি উপজেলার ধামোর ইউনিয়নের যুগিকাটা গ্রামে। সে ওই গ্রামের পরেশ চন্দ্র বর্মনের মেয়ে। আজ রবিবার (১২ মে) সকালে আটোয়ারি উপজেলার যুগীকাটা এলাকায় পঞ্চগড়-আটোয়ারি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদশীর্রা জানান, তিথি রানী বাইসাইকেলে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে রওয়ানা দেন। পথে রাস্তার পাশে মূল সড়কে উঠার সাথে সাথে আটোয়ারীগামী দ্রুত গতির একটি মোটরসাইকেল তিথিকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে সে। এ সময় আরেকটি ইজিবাইক তিথির শরীরের ওপরে দিয়ে চলে যায়। এতে তিথি বুকে আঘাত পায়। তাৎক্ষণিক পথচারীর ও স্থানীয়দের সহযোগিতায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রহিমুল ইসলাম তিথিকে মৃত ঘোষণা করেন।
আটোয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা জানান, সড়ক দুর্ঘটনায় তিথি রানী নামে শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।