শেষ ১২ বলে প্রয়োজন মাত্র ৫ রানের। বোলিংয়ে এলেন ট্রেন্ট বোল্ট। তার প্রথম দুই বলেই দর্শনীয় দুটি চার হাঁকালেন সামির রিজভি। জিতে গেল চেন্নাই। আর প্লে অফ খেলার কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে ঝুলিতে যোগ হলো দুটি মূল্যবান পয়েন্ট।
আজকের ম্যাচে জিতলে প্লে অফ নিশ্চিত হয়ে যেত রাজস্থান রয়্যালসের। আসরের মাঝপথ পর্যন্ত এককভাবে টেবিলের শীর্ষস্থান দখল করে রাখা দলটি টানা তিন ম্যাচ হেরে ঝুলে রইলো এখনো। রাজস্থানের অধিনায়ক হিসেবে শেন ওয়ার্নকে ছাড়িয়ে সর্বোচ্চ ৫৭ ম্যাচ খেলা সঞ্জু স্যামসনের দলের জন্য অবশ্য চিপকের মাঠে এসে চেন্নাইকে হারানো কঠিনই ছিল।
আজ পুরো ২০ ওভার ব্যাটিং করেও ৫ উইকেটে ১৪১ রানের বেশি জড়ো করতে পারেনি রাজস্থান। ৩৫ বলে রিয়ান পরাগের অপরাজিত ৪৭ রানই ছিল ব্যক্তিগত সর্বোচ্চ। ২৬ রানের বিনিময়ে সিমারজিৎ সিং নেন ৩ উইকেট।
জবাবে রুতুরাজ গায়কোয়াড়ের ৪১ বলে অপরাজিত ৪২ রানের সুবাদে জয় তুলে নেয় চেন্নাই। আজ অপ্রচলিত অবস্ট্রাকটিং দ্যা ফিল্ডসম্যান রীতিতে আউট হন রবীন্দ্র জাদেজা।
১৩ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে চেন্নাই। তাদের শেষ ম্যাচ বেঙ্গালুরুর সঙ্গে চিন্নাস্বামীতে। ওই ম্যাচে জয় পেলে প্লে অফ নিশ্চিত হবে চেন্নাইয়ের। আর হাতে দুই ম্যাচ বাকি রয়েছে রাজস্থানের। এর মধ্যে একটিতে জিতলেই শেষ চারে পৌঁছাবে দলটি।