বিশ্ব মা দিবস উপলক্ষে ১০ জন মাকে ‘গরবিনী মা-২০২৪’ সম্মাননা প্রদান করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। ১০ মায়ের হাতে সম্মাননা তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রবিবার (১২ মে) রাজধানীর মহাখালীতে ডিওএইচএস-এর রাওয়া কনভেনশন সেন্টারে এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মায়ের দুধের ঋণ কোনো সন্তান শোধ করতে পারে না। তাই মায়ের প্রতি সব সময় বিনম্র শ্রদ্ধা অটুট রাখতে হবে। মা আমাদের প্রথম এবং শেষ আশ্রয়।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, আমাদের মাঝে এ বোধ যেন থাকে মায়ের কারণে আজ আমি এ পর্যন্ত এসেছি। তিনি বলেন, আমরা যারা মায়ের স্নেহ ও ভালোবাসা পেয়েছি এবং পাচ্ছি আমরা যেন মায়ের প্রতি ভক্তি-শ্রদ্ধা ও সম্মান দেখাই এবং তার প্রতি যেন যথাযথ দায়িত্ব পালন করি। পরবর্তী প্রজন্মকেও সেটা যাতে আমরা শেখাতে পারি সেজন্য আমাদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন।
তিনি আরো বলেন, আমার মনে হয়, বর্তমান প্রজন্মের মধ্যে মায়ের প্রতি ভালোবাসা কমে যাচ্ছে। মোবাইল আসক্তির কারণে শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে। আমাদের সচেতন হওয়া উচিত। মা ও দেশকে যেন সন্তানরা ভালোবাসে।
আ ক ম মোজাম্মেল হক বলেন, একসঙ্গে বাসায় সবাই মিলে খাওয়ার রেওয়াজ এখন যেন উঠে গেছে। মোবাইল দেখা, টিভি দেখা, পড়াশোনা সব কিছুর জন্য এখনকার সন্তানরা নিজের রুমেই থাকতে বেশি পছন্দ করে। আমাদের উচিত, একসঙ্গে কিছুটা হলেও সময় কাটানো।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এমন আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইর পরিচালক প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী-মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত।
অনুষ্ঠানে গরবিনী মায়েদের সম্মাননা প্রদানের প্রাক্কালে প্রত্যেক সন্তান তাদের অনুভূতি ব্যক্ত করেন। হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর মায়ের অসুস্থতায় রোগ মুক্তি কামনায় তারা ২০১৪ সাল থেকে এ অনুষ্ঠানটি আয়োজন করে আসছেন। শুরুতে ৫ জন গরবিনী মাকে এ সম্মাননা প্রদান করা হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন প্রয়াত দেশবরেণ্য শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। এ বছর গরবিনী মা সম্মাননা এগারো বর্ষে পদার্পণ করেছে। অনুষ্ঠানের শুরুতে ইউনিভার্সেল মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা গরবিনী মায়েদের উত্তরীয় পরিয়ে দেয়।
এবার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সমাজের প্রতিষ্ঠিত ১১ জন সুনাগরিকের গরবিনী মাকে সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন ঢাকার বিশেষ জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ হাফিজুর রহমানের মা সাহারা রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (যুগ্ম-সচিব) হায়াত-উদ-দৌলা খানের মা সাজেদা খাতুন, যশোরের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদারের মা সুরুচি জোয়ারদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, একাডেমিক প্রশাসক, শিক্ষাবিদ, কবি, অনুবাদক এবং কলাম লেখক ড. সামসাদ মর্তুজার মা সৈয়দা নাসরিন মর্তুজা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডীন অধ্যাপক ডা. আবু নাসার রিজভীর মা নাফিজা বেগম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী মো. আশরাফুল ইসলামের মা হোসনে আরা, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াসের মা জেবুননেছা, কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক, মডেল ও অভিনেতা তাহসান রহমান খানের মা প্রফেসর ড. জেড এন তাহমিদা বেগম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্য ও চলচ্চিত্র অভিনেতা শতাব্দী ওয়াদুদের মা আফরোজা নাছরীন, অভিনেত্রী ও মডেল মেহজাবিন চৌধুরীর মা গাজালা চৌধুরী এবং ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত অদম্য মেধাবী লাবনী আক্তারের মা বেবি বেগম।
গরবিনী মা-২০২৪ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সব মাকে সম্মাননা ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেলথ চেক-আপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী প্রদান করা হয়।