রাজধানীর শাহবাগে অবস্থিত ঢাকা ক্লাবের স্যামসান এইচ সেন্টারে (হল-১) ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্পোরেট নাইট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান সারা বছর বিভিন্ন কর্পোরেট চুক্তির আওতায় এই হাসপাতালে সেবা নিয়েছেন তাদের নিয়ে আয়োজিত ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্র তারকা ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।
তিনি বলেন, এখন কথায় কথায় বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার প্রবণতা কমছে। দেশেই এখন উন্নত চিকিৎসাব্যবস্থা হচ্ছে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এ আয়োজন প্রশংসার দাবিদার। তাদের কর্পোরেট পার্টনার ও সেবা গ্রহীতাদের নিয়ে এরকম জমকালো আয়োজনের জন্য আমি হাসপাতাল কর্তৃপক্ষকে সাধুবাদ জানাচ্ছি।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল নিছক কোনো প্রাইভেট হাসপাতাল নয়, সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য। ‘চাই হাসিমুখ সবার’ অঙ্গীকার নিয়ে ২০ বছর ধরে এই হাসপাতালের পথচলা।
রোগীরা চিকিৎসা নিয়ে চলে যাবার পর তাদের সাথে আর হাসপাতালের কোনো সম্পর্ক থাকে না; কিন্তু এই হাসপাতাল রোগী, সেবা গ্রহীতা ও কর্পোরেট পার্টনারদের জন্য এই ব্যতিক্রমী আয়োজন করেছে যা একটি নজির হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী সিআইপি’র সভাপতিত্বে নিজেদের অনুভূতি জানান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) সুনন্দা রায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব মো. আল-আমিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফজলুল হক আরিফসহ আরও অনেকে।
এ সময় কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে স্বাস্থ্যসেবাবিষয়ক একটি প্রেজেন্টেশন তুলে ধরেন হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. আয়েশা সিদ্দীকা। হাসপাতালের পক্ষ থেকে কর্পোরেট অ্যাওয়ার্ড হিসেবে উল্লেখিত ১১টি প্রতিষ্ঠানকে বেস্ট কন্ট্রিবিউটর এ্যাওয়ার্ড প্রদান করা হয়- প্রথম আলো, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, র্যাডিসন ব্লু, রূপালী ব্যাংক, ব্র্যাক হেলথ প্রোগ্রাম, রানার গ্রুপ, প্রগতি ইনস্যুরেন্স, বেঙ্গল ইসলামী লাইফ ইনস্যুরেন্স, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা), অভিনয় শিল্পী সংঘ ও হোমবাউন্ড।
এছাড়াও বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আইন সমিতি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, নিউজ ব্রডকাস্টারস এ্যাসোসিয়েশন (NBA), অটবি, নটরডেম ৯২ ফোরাম, ঢাকাস্থ সরাইল সমিতিসহ বেশ কিছু সংগঠন ও প্রতিষ্ঠানকে কৃতজ্ঞতা স্মারক দেয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের এইচআর ও সাপ্লাই চেইনের মহাব্যবস্থাপক উইং কমান্ডার (অবঃ) মো. হাফিজ সরকার ও বিজনেস ডেভেলপমেন্টের সহঃ মহাব্যবস্থাপক এ কে মো. সাহেদ হোসেন।
করপোরেট নাইট অনুষ্ঠানের সঞ্চালনা করেন রিতি প্রভা ও ইভেন্ট ম্যানেজমেন্ট মিডিয়া প্রো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিরা। সংগীত পরিবেশনা করেন নন্দিত কন্ঠশিল্পী কোনাল ও পৃথ্বী। নৈশভোজের আয়োজন ও আকর্ষণীয় র্যাফেল ড্রয়ের মাধ্যমে শেষ হয় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এ ব্যতিক্রমী জমকালো আয়োজন।
