গাজায় নিহত ৩৫ হাজার ছাড়াল, আহত ৭৯৭৫৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে গত ৭ অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৩৪ জনে পৌঁছেছে। রবিবার (১২ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, ইসরায়েল ও হামাসের মধ্যে সাত মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে ৭৮ হাজার ৭৫৫ জন আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।

এদিকে শনিবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ গাজার রাফা শহর থেকে প্রায় তিন লাখ ফিলিস্তিনি অন্যত্র সরে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় তিন লাখ গাজাবাসী রাফা থেকে আল-মাওয়াসি শহরের মানবিক অঞ্চলের দিকে চলে গেছে।

এর আগে ৪ মে স্থল অভিযান চালানোর উদ্দেশ্যে পূর্ব রাফা ও উত্তর গাজা থেকে স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। এরপর থেকেই ফিলিস্তিনিরা শহরটি ছেড়ে পালিয়ে যেতে থাকে।