রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পশ্চিম কল্যাণপুর ঈদগাহ সংলগ্ন এলাকায় দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজন রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বাসের যাত্রী পাংশা উপজেলার বুড়িয়া গ্রামের বাসিন্দা রোকনউদ্দীন বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা লোকাল বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে যাচ্ছিল। পথে কল্যাণপুর এলাকায় এলে বাসের সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান।
রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুন জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।
আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদ-উন-নবী জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসটির চালক-হেলপার পালিয়ে যান। বাসটি উদ্ধার করার প্রক্রিয়া চলছে।