মেট্রোতে কমছে হেডওয়ে সময়, চলতে পারে শুক্রবারেও

মেট্রোরেল বর্তমানে সপ্তাহে শুক্রবার ছাড়া ৬ দিন নিয়মিত চলাচল করছে। যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে এটি শুক্রবারও চালানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের সূত্র জানিয়েছে, আগামী জুলাই মাস থেকে শুক্রবারেও মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া জুন মাসের মধ্যে পিক আওয়ারের হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী অপেক্ষমাণ সময়) ৮ মিনিট থেকে কমিয়ে ৫ মিনিট করা হতে পারে।

প্রতিষ্ঠানটির কোম্পানি যুগ্ম সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। যদি এরকম কোনো সিদ্ধান্ত হয় তাহলে কয়েকদিন পরে আমাদের এমডি এম এ এন ছিদ্দিক স্যার সংবাদ সম্মেলন করে জানাবেন।

এছাড়া পিক আওয়ারের হেডওয়ে সময় (দুই ট্রেনের মধ্যবর্তী অপেক্ষমাণ সময়) কমানো হবে বলে জানা গেছে। এটি জুনে কার্যকর হতে পারে। এ ক্ষেত্রে হেডওয়ে সময় কমিয়ে ৫ মিনিট করা হতে পারে, বর্তমানে ৮ মিনিট রয়েছে।

এদিকে মেট্রোরেলের জনবল বাড়াতে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি দিবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে এক্ষেত্রে স্থায়ী নয়, চুক্তিভিত্তিক নিয়োগ হতে পারে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিককে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।